দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণকে সাধুবাদ জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা
https://parstoday.ir/bn/news/bangladesh-i118532-দেশব্যাপী_মডেল_মসজিদ_নির্মাণকে_সাধুবাদ_জানিয়েছেন_ইসলামী_চিন্তাবিদরা
ধর্ম নিয়ে আর কেউ যেন কোনোরকম বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য মসজিদের খতিব, ইমামসহ শিক্ষক-অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৬, ২০২৩ ১৬:৩৬ Asia/Dhaka

ধর্ম নিয়ে আর কেউ যেন কোনোরকম বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য মসজিদের খতিব, ইমামসহ শিক্ষক-অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইমামদের প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজের যেসব অঙ্গতি রয়েছে, যেমন- মাদকাসক্তি, বাল্য বিবাহ, নারী নির্যাতন, সন্ত্রাস-জঙ্গিবাদ ইত্যাদি দূরীকরণে ইমাম ও খতিবরা তাদের বয়ান বা খুতবায় এসব বিষয়ে তুলে ধরবেন। সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে যেন প্রত্যেকের ছেলে মেয়েরা দূরে থাকে।  আজ সোমবার সকালে  ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ইসলামের মহান আদর্শ মেনে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে, আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। এ দেশে প্রতিটি মানুষ যাতে নিরাপদে নিজ ধর্ম পালন করতে পারেন, সে লক্ষে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, মসজিদের বয়ানে, মাদক,জঙ্গিবাদ ও সন্ত্রাসের কুফল আরো বেশি বেশি তুলে ধরতে হবে ইমামদের । 

প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদসহ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ৯৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টির মধ্যে ১০০টি মসজিদ উদ্বোধন করলেন।

তিনি এর আগে ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে ৫০টি মসজিদ উদ্বোধন করেছিলেন। আশা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারির শেষে তৃতীয় ধাপে আরও ৫০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চালু করা হবে।

এদিকে, সরকার প্রধান হিসেবে দেশব্যাপী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন ও উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন দেশের ইসলামি চিন্তাবিদরা। এ বিষয়ে  ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির রেডিও তেহরানকে বলেছেন, মডেল মসজিদ নির্মানের ফলে মুসল্লীদের মধ্যে আগ্রহ উদ্দীপনা বেড়েছে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। একই সাথে মসজিদগুলোতে নামাজ ও কুরআন সুন্নার চর্চা বাড়ানোর জন্য প্রচেষ্টা নেয়ার আহবান জানান এ ইসলামি চিন্তাবিদ। #

 

পার্সটুডে/নিলয় রহমান/ এমবিএ /১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।