ছুটির দিন থাকায় তেলের দাম বৃদ্ধির প্রভাব নেই বাজারে
ভোজ্য তেলের দাম লিটারে বাড়লো ১২ টাকা; দাম নিয়ন্ত্রণের দাবি ভোক্তা'র
বাংলাদেশে আবারো বেড়েছে ভোজ্য তেলের দাম। বোতলজাত ভোজ্যতেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন।
আজ (বৃহস্পতিবার) নতুন এ দাম নির্ধারণ করা হয়। ভোজ্যতেলের আমদানিতে সরকারের ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ ৪ মে বৃহস্পতিবার থেকে ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হবে। এতদিন এ দাম ছিল ১৮৭ টাকা। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে, ৯৬০ টাকা। অন্যদিকে, খোলা সয়াবিনের দাম লিটারে ৯ টাকা বাড়ানো হয়েছে। এতে, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ১৭৬ টাকা। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে, ১৩৫ টাকা। এর আগে সবশেষ গত বছরের ১৭ নভেম্বর, দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।
এই খবর প্রচারের পরে রাজধানীর শান্তিনগর বাজারে গিয়ে সরে জমিনে দেখা যায় এখনো আগের দামেই তেল বিক্রি করছেন দোকানিরা। অবশ্য তারা বলছেন, ডিলার কিংবা সেলস পয়েন্টগুলো থেকে এখনো তাদের নতুন দামের বিষয়ে কোন নির্দেশনা দেয়নি। তবে ভোক্তারা আছেন অস্বস্তিতে। তারা বলছেন, চাকরিতে বেতন বাড়ে বছরে একবার কিন্তু পণ্যের দাম এভাবে মাসে মাসে বাড়তে থাকলে বেঁচে থাকাই দায় হবে নিম্ন আয়ের মানুষের।
এদিকে, তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে ভলান্টারি কনজ্যুমারস ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি-ভোক্তা। আজ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সংগঠনটির নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান সজল বলেন, বাজেটের আগে ও পরে, আকস্মিকভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যায়, যা অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা জরুরি। চিনি, চাল ও ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য সামগ্রীর সিন্ডিকেট ভেঙে দিয়ে দাম নিয়ন্ত্রণেরও দাবি জানান তিনি। #
পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/৪