ডিমের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে ঢাকায় র‍্যাবের অভিযান; অসাধু ব্যবসায়ীদের জরিমানা
https://parstoday.ir/bn/news/bangladesh-i126818-ডিমের_দামের_ঊর্ধ্বগতি_ঠেকাতে_ঢাকায়_র_্যাবের_অভিযান_অসাধু_ব্যবসায়ীদের_জরিমানা
ডিমের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে বাংলাদেশের রাজধানী ঢাকার একাধিক আড়তে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১৪, ২০২৩ ১৪:২১ Asia/Dhaka
  • ডিমের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে ঢাকায় র‍্যাবের অভিযান; অসাধু ব্যবসায়ীদের জরিমানা

ডিমের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে বাংলাদেশের রাজধানী ঢাকার একাধিক আড়তে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ (সোমবার) সকাল থেকে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় ডিমের আড়তে এ অভিযান পরিচালনা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রাজধানীর কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ীর ডিমের আড়তে অভিযান চালিয়ে ২৭টি প্রতিষ্ঠানকে ১২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি সাইফুর রহমান গণমাধ্যমকে জানান, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ীর ডিমের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে দেখা যায়, এসব আড়তের ব্যবসায়ীরা রশিদ ছাড়া ডিম কেনাবেচা করছেন। এ অভিযোগে ২৭টি প্রতিষ্ঠানকে ১২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, আমাদের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন ধরে এ অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশে অধিক মূল্যে ডিম বিক্রি করে আসছিলেন।

ঢাকার বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। ডজন হিসাবে ডিমের দাম উঠেছে ১৬৫ টাকায়। গেল বছরের এই সময়েও প্রতি ডজন ডিমের দাম উঠেছিল ১৫৫ টাকা। তবে বর্ষা শেষে তা আবার কমে গিয়েছিল। গত মাস পর্যন্ত ১৪০ থেকে ১৪৫ টাকায় ডিম বিক্রি হয়। এরপরই বাড়তে থাকে। ডিমের দাম হঠাৎ লাফের পর অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা ও রাজশাহীতে জরিমানাও করেছে ডিম ব্যবসায়ীদের।

ডিমের দাম অনেক বেশি চড়ে যাওয়ার পেছনে সরবরাহ সংকটের কথা বলছে খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। এ পরিস্থিতিতে সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী প্রয়োজনে ডিম আমদানির হুঁশিয়ারি দিলেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এখনও সায় দেয়নি।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৪