বাংলাদেশের সংসদে গুমসহ ১৬ অধ্যাদেশ ফের বিল আকারে উত্থাপন হবে
https://parstoday.ir/bn/news/bangladesh-i158582-বাংলাদেশের_সংসদে_গুমসহ_১৬_অধ্যাদেশ_ফের_বিল_আকারে_উত্থাপন_হবে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ‘গুমসহ ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই করে আবার সংসদে বিল আকারে উত্থাপন করা হবে।’
(last modified 2026-04-18T12:18:53+00:00 )
এপ্রিল ১৮, ২০২৬ ১৮:০১ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন
    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ‘গুমসহ ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই করে আবার সংসদে বিল আকারে উত্থাপন করা হবে।’

আজ শনিবার সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সরকার এক অনন্য নজির স্থাপন করেছে। এসব অধ্যাদেশের মধ্যে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ, প্রতিকার অধ্যাদেশসহ ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই করে আবার সংসদে বিল আকারে উত্থাপন করা হবে।

তিনি বলেন, ‘সবচেয়ে বেশি গুম, খুন, মানবাধিকার হরণের শিকার দল হিসেবে বিএনপি এগুলো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আরও পরামর্শ ও যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তার কথা বিলে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, “জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’সহ বিএনপি সম্মত হয়ে যেভাবে স্বাক্ষর করেছিল—সেই স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। দেশের মানুষের কাছে বিএনপি যে অঙ্গীকার করেছে এবং যে প্রতিশ্রুতির আলোকে জনগণ ধানের শীষে ভোট দিয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই তা অক্ষরে অক্ষরে পালনের জন্য দায়বদ্ধ।#

পার্সটুডে/জিএআর/১৮