সরকারের কোনো কর্মকাণ্ডই জনগণ আর বিশ্বাস করে না: গয়েশ্বর
https://parstoday.ir/bn/news/bangladesh-i15901-সরকারের_কোনো_কর্মকাণ্ডই_জনগণ_আর_বিশ্বাস_করে_না_গয়েশ্বর
বাংলাদেশের বর্তমান সরকারের কোনো কর্মকাণ্ডই জনগণ আজ আর বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৯, ২০১৬ ১৩:৪৭ Asia/Dhaka
  • গয়েশ্বর চন্দ্র রায়
    গয়েশ্বর চন্দ্র রায়

বাংলাদেশের বর্তমান সরকারের কোনো কর্মকাণ্ডই জনগণ আজ আর বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত প্রতিবাদী যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, তারেক রহমানের খালাসের রায় পরিবর্তন করে যে সাজা ও জরিমানা করা হয়েছে, “এটা ঘটেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাকে দেয়া শাস্তি সরকারের আরেকটি ভুয়া নির্বাচন করার রাজনৈতিক কৌশল।”  

গয়েশ্বর আরো বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন জাতীয় ঐক্য হয়ে গেছে। কিসের জাতীয় ঐক্য হয়েছে? নিজেদের মধ্যে জাতীয় ঐক্য করেই তো তারা বছরের পর বছর দেশ লুটেপুটে খাচ্ছে। একের পর এক চুক্তি করে সরকার পুরো দেশকে পাচার করে দিচ্ছে।” 

এদিকে, ভিন দেশের স্বার্থে সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ (শুক্রবার) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে যাওয়ার পথে জাতীয় কমিটির পদযাত্রায় পুলিশি হামলার প্রতিবাদ ও নিন্দা জানান রিজভী। তিনি বলেন, “এ হামলা বর্বরোচিত, পাশবিক, নিষ্ঠুর এবং বিরোধী মতকে দমন করার আরেকটি কলঙ্কজনক অধ্যায়। ভিন দেশি স্বার্থ রক্ষায় নিজ দেশের মানুষের উপর এমন হামলা পৃথিবীর আর কোনো শাসক কোনো দিন করেছে কি না আমাদের জানা নেই। এ হামলার মধ্য দিয়ে বর্তমান সরকারের অন্য দেশের স্বার্থ রক্ষার বিষয়টি আরো স্পষ্ট হলো।”#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৯