বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়া নয়, আওয়ামী লীগ নেতারাই জড়িত : ফখরুল
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ঘটনায় জিয়াউর রহমানকে জড়ানো যথার্থ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক হত্যার পর ক্ষমতায় কারা বসেছিল? তারা আওয়ামী লীগেরই লোক। কাজেই জিয়াউর রহমান নন, এই ঘটনার সঠিক তদন্ত করা হলে দেখা যাবে, এরসঙ্গে আওয়ামী লীগ নেতারাই জড়িত। মিথ্যাচার করে ইতিহাসের সত্যকে উল্টানো যাবে না।”
আজ (শুক্রবার) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, “দেশে বর্তমানে যে ভয়াবহ অবস্থা চলছে, এরজন্য গণতন্ত্রহীন ব্যবস্থাই দায়ী। জঙ্গিবাদের ভয়াবহ দানব যখন রাষ্ট্রকে গ্রাস করতে যাচ্ছে, সরকার তাকে দমন না করে বিরোধী দলকে দমনে ব্যস্ত। এতে প্রকৃত অপরাধীরা আড়ালেই থেকে যাচ্ছে।”
সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “ক্ষমতাসীন সরকার জঙ্গিবাদ নির্মূল করতে চায় না। তারা এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। তাই ক্ষমতায় আসার পর থেকেই জঙ্গি কার্যক্রম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে বিএনপি জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছে সেটা অব্যাহত আছে। খুব শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত কর্মসূচি দেয়া হবে।”
নতুন কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাই কমিটি নিয়ে ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। এখনই কমিটিতে রদবদলের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। যারা পদ ছেড়ে দিবেন সেখানে যোগ্যরা স্থান পেতে পারেন। যেহেতু গঠনতন্ত্রে আছে এক নেতার এক পদ। যোগ্য যারা কমিটির বাইরে আছেন, খালি পদে তাদের অন্তর্ভুক্ত করা হবে।”#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৯