মীর কাসেম আলীর রিভিউ শুনানি শেষ, রায় মঙ্গলবার
https://parstoday.ir/bn/news/bangladesh-i18412-মীর_কাসেম_আলীর_রিভিউ_শুনানি_শেষ_রায়_মঙ্গলবার
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি শেষ হয়েছে। আগামী ৩০ আগস্ট মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২৮, ২০১৬ ০৯:০৮ Asia/Dhaka
  • মীর কাসেম আলীর রিভিউ শুনানি শেষ, রায় মঙ্গলবার

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি শেষ হয়েছে। আগামী ৩০ আগস্ট মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ (রোববার) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চে মামলাটির শুনানি শেষ হলে আদেশের এ দিন ধার্য করা হয়। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে এ বিষয়ে শুনানি শুরু হয়। শুনানি চলার সময় খন্দকার মাহবুব হোসেন আদালতে জানান, "যে অভিযোগে মীর কাসেম আলীর ফাঁসি বহাল রাখা হয়েছে এ অভিযোগটি প্রসিকিউশন প্রমাণ করতে ব্যর্থ হয়েছিল। তিনি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এমন কোনো সুনির্দিষ্ট তথ্য আদালতে উপস্থাপন করতে পারেননি প্রসিকিউশন।" এ সময় মীর কাসেম আলী একজন সমাজসেবক এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন জানিয়ে তাঁর দণ্ড মৃত্যুদণ্ড থেকে কমিয়ে দেয়ার আবেদন করেন খন্দকার মাহবুব হোসেন।

অপর দিকে শুনানিকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, মীর কাসেম আলী চট্টগ্রামের ডালিম হোটেলে যে নির্যাতনে অংশ নিয়েছে এটা দিবালোকের মতো সত্য এবং প্রসিকিউশন তা আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো রায় দেয়া হলে নিহত মুক্তিযোদ্ধাদের ওপর অবিচার করা হবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে গত ২৪ আগস্ট মামলাটির শুনানি কার্যক্রম শুরু হয়। ওই দিন মীর কাসেমের আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (রোববার) পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করে আদালত।

গত ২৫ জুলাই রিভিউ শুনানির জন্য এক মাস সময় দেয়া হয় মীর কাসেম আলীকে। তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন রিভিউ শুনানির জন্য দুই মাসের সময় আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত এক মাসের সময় মঞ্জুর করেন। ওই দিন শুনানি শেষে ২৪ আগস্ট রিভিউ শুনানির দিন নির্ধারণ করা হয়। তবে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় আবেদনের বিরোধিতা করেন।

গত ১৯ জুন আপিল বিভাগের দেয়া মৃত্যুদণ্ডাদেশের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন মীর কাসেম আলী। এতে ১৪টি আইনি যুক্তি তুলে ধরে তাঁকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানানো হয়।

মীর কাসেম আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশ করা হয়।

মুক্তিযুদ্ধের সময় কিশোর জসিমসহ ছয়জনকে হত্যার দায়ে গত ৮ মার্চ মীর কাসেমের মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রেখে আদেশ দেন আদালত। পরে ৭ জুন তাঁকে মৃত্যুর পরোয়ানা পড়ে শোনানো হয়।

২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ১৪টি অভিযোগের মধ্যে ১০টি প্রমাণিত হয়। এর মধ্যে দুটিতে (১১ ও ১২ নম্বর অভিযোগ) মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। এ ছাড়া চারটি অভিযোগে তাঁকে খালাস দেয়া হয়।

১১ নম্বর অভিযোগে রয়েছে কিশোর মুক্তিযোদ্ধা জসিমসহ ছয়জনকে আটক, নির্যাতন ও হত্যার বিষয়টি। এ অভিযোগে বিচারকরা সর্বসম্মতিক্রমে মীর কাসেমকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। ১২ নম্বর অভিযোগে রয়েছে রঞ্জিত দাস ও টুন্টু সেনকে নির্যাতন ও হত্যার অভিযোগ। এ অভিযোগে বিচারকদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেওয়া হয়। ১১ ও ১২ নম্বর ছাড়া বাকি ১২টিই অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগ মীর কাসেমের বিরুদ্ধে।

প্রমাণিত অভিযোগগুলোর মধ্যে ২ নম্বরটিতে মীর কাসেমকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। ৩, ৪, ৬, ৭, ৯ ও ১০ নম্বর অভিযোগে তাঁকে সাত বছর করে মোট ৪২ বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। এ ছাড়া ১৪ নম্বর অভিযোগে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এই আটটি অভিযোগে তাঁকে ৭২ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। তবে ১, ৫, ৮ ও ১৩ নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে এসব থেকে খালাস (অব্যাহতি) দেয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মীর কাসেম আলীর পক্ষে আপিল করেন জয়নুল আবেদীন তুহিন। মীর কাসেমের পক্ষে ১৮১টি যুক্তি দেখিয়ে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে এ আপিল করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ট্রাইব্যুনালের আদেশে ২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীকে গ্রেফতার করা হয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।#

পার্সটুডে/এআর/২৮