বিএনপিকে রাজনীতি করার সুযোগ দিন: সরকারকে মওদুদ
-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ‘রাজনীতি করার’ জন্য সরকারের কাছে সুযোগ চেয়েছেন।
আজ (রোববার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ফ্রি মেডিক্যাল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধনের সময় মওদুদ অভিযোগ করেন, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলকে ‘রাজনীতি করতে দেয়া হচ্ছে না’।
বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দলের চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় মওদুদ আহমদ বলেন, ‘বিরোধীদলকে গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে না দিলে দেশে উগ্রবাদ ও জঙ্গিবাদ সুযোগ পাবে এবং এদের উত্থান হবে।’
তিনি বলেন, “বিরোধী রাজনৈতিক দলকে সুষ্ঠুভাবে রাজনীতি করতে দিলে সকলে ঐক্যবদ্ধ হয়ে উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব হবে। তাই সরকারকে বলব আমাদের রাজনীতি করার সুযোগ দিন।"
বিএনপিকে ধ্বংস করা যাবে না মন্তব্য করে দলটির এই নীতিনির্ধারক বলেন, "বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল। বিএনপি'র ওপর যতই অন্যায়-অত্যাচার, নির্যাতন, গুম-খুন, হামলা-মামলা করা হোক এই দলকে নিশ্চিহ্ন করা যাবে না। বিএনপি ১৬ কোটি মানুষের শুধু পাশেই নয়, সাথেও আছে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাবের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিরাজুল ইসলাম, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এ সময় উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৪