১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i19489-১০_টাকা_কেজি_দরে_চাল_বিতরণ_কর্মসূচি_উদ্বোধন_করলেন_প্রধানমন্ত্রী
১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ রোগে ভুগে মারা যাবে না। কোথাও মানুষ আর না খেয়ে মারা যাবে না, দারিদ্র্য ও ক্ষুধায় কেউ কষ্ট পাবে না। বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত দেশ।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ১০:০৩ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ রোগে ভুগে মারা যাবে না। কোথাও মানুষ আর না খেয়ে মারা যাবে না, দারিদ্র্য ও ক্ষুধায় কেউ কষ্ট পাবে না। বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত দেশ।

বুধবার কুড়িগ্রামের চিলমারি পাইলট হাইস্কুল মাঠে 'খাদ্যবান্ধব কর্মসূচি'র আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কেউ আর দুঃস্থ থাকবে না, এই শব্দটিই যেন আর ব্যবহার করতে না হয়, সে জন্যই সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, 'আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, নিজেদের জন্য নয়। আওয়ামী লীগ ক্ষমতা আসে জনগণকে দিতে। আর অন্যরা ক্ষমতায় আসে নিতে, নিজেদের আখের গোছাতে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ দারিদ্র্যমুক্ত হবে। বিশ্বে সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।'

শেখ হাসিনা বলেন, 'আমরা ক্ষমতায় এসে ছিটমহল সমস্যার সমাধান করেছি। এখন ছিটমহলবাসীর ঘর আছে কি না, খাদ্য, পোশাক আছে কি না তার খোঁজ নিয়ে তাদের উন্নত জীবন ধারণের ব্যবস্থা নিচ্ছি।'

তিনি বলেন, 'ছিটমহলবাসীর চলাচলের রাস্তা, ছেলেমেয়েদের পড়ালেখার সুযোগ করে দিতে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।'

প্রধানমন্ত্রী বলেন, 'আগে নীলফামারী ও চিলমারীতে দুর্ভিক্ষ ছিল। আমরা এসে তা দূর করেছি। এখন এই এলাকায় মঙ্গা বলে কোনো কথা শোনা যায় না, সে বদনাম আমরা ঘুচিয়েছি।'

তিনি বলেন, 'আমাদের সরকার ভারত ও মিয়ানমারের সঙ্গে লড়াই করে বিশাল সমুদ্রসীমা জয় করেছে। আজ বাংলাদেশ বিশ্বে আধুনিক ও মধ্যম আয়ের দেশ হিসেবে বিবেচিত হচ্ছে।'

এ সময় জঙ্গিবাদের বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনার সন্তানের বিষয়ে খবর রাখুন, সন্তান স্কুলে-কলেজে যাচ্ছে কিনা, তার খোঁজ খবর নিন। আপনার সন্তান স্কুলে-কলেজে না যেয়ে অন্য কোথাও যাচ্ছে কিনা তার খোঁজ নিন।

প্রধানমন্ত্রী আরো বলেন, পাড়া প্রতিবেশী সকলকে খবর রাখতে হবে। আপনাদের সন্তানরা কি করছে। তারা কেন ভুল পথে যাবে। ইসলাম শান্তির ধর্ম। প্রতিটি ধর্মে শান্তির কথা বলা আছে। কেউ যেন ভুল পথে না যায় সে জন্য প্রতিবেশী, নির্বাচিত প্রতিনিধি, প্রশাসন সবার এলাকার তরুণদের খোঁজ রাখতে হবে। জঙ্গিবাদ মোকাবেলায় জনমত সৃষ্টি করতে হবে।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে 'খাদ্য বান্ধব কর্মসুচি'র কার্ডধারী ১৫ জন হতদরিদ্রের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করেন। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশের ৫০ লাখ দরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে মাসে ৩০ কেজি করে চাল পাবে।

'শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ' স্লোগানে এই কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবে। প্রতি বছরের মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর- এই পাঁচ মাস কর্মসূচির আওতায় চাল পাবে পরিবারগুলো।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংস্কৃ‌তিমন্ত্রী আসাদুজ্জামান নূর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ম‌শিউর রহমান রাঙ্গা, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ, আওয়ামী লী‌গের সাংগাঠ‌নিক সম্পাদক খা‌লিদ মাহমুদ চৌধুরী এম‌পি, কু‌ড়িগ্রাম-৪ আস‌নের সংসদ সদস্য রুহুল আমিন এম‌পিসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লী‌গের নেতারা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এআর/৭