খালেদা জিয়ার বিরুদ্ধে ৩ মামলার চার্জশিট দাখিল, ৫ মামলায় রিজভীর জামিন
-
বেগম খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানার দায়েরকৃত নাশকতার তিনটি মামলায় চার্জশিট গ্রহণ করেছে আদালত।
আজ (বুধবার) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত চার্জশিট আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। পরোয়ানা কার্যকর সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৪ ফেব্রুয়ারি ও ৩ মার্চ দারুসসালাম থানার শাহআলী মাজার ও গাবতলী বাসস্ট্যান্ডের কাছে নাশকতার অভিযোগে মামলা তিনটি দায়ের করা হয়েছিল। এ বছর ১১ মে দারুসসালাম থানা পুলিশ খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলা তিনটির আসামি সংখ্যা যথাক্রমে ২৪ জন, ২৭ জন ও ৩৩ জন।
ওদিকে, নাশকতার অভিযোগে দায়েরকৃত পৃথক পাঁচটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জামিন পেয়েছেন। তবে রমনা থানায় একটি মামলা থাকায় এই মুহূর্তে তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে জানান তাঁর আইনজীবী সগীর হোসেন লিওন। রিজভী বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। আজ বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিজভীর করা আপিল গ্রহণ করে তাঁকে ৬ মাসের জামিন মঞ্জুর করেন। নিম্ন আদালতের জামিন নামঞ্জুর করে দেয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে এই আপিল করা হয়েছিল।রিজভীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে ২০১৩ ও ২০১৫ সালে মতিঝিল, রমনা ও খিলগাঁও থানায় একটি করে এবং পল্লবী থানায় দুটি করে মামলা হয়। এসব মামলায় রিজভী গত ১৮ আগস্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠান। নিম্ন আদালতের জামিন নামঞ্জুরের বিরুদ্ধে চলতি সপ্তাহে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আপিল করেন।
এছাড়া, নারায়ণগঞ্জে নাশকতার মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের চার নেতা আজ জামিন পেয়েছেন। এরা হলেন, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, জেলা গার্মেন্টস শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ ও মহানগর মৎসজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতন।
বুধবার সকালে বিএনপির নেতারা নারায়ণগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের জামিন মঞ্জুর করেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৭