সিঙ্গাপুরে বিএনপি নেতা আ স ম হান্নান শাহ’র ইন্তেকাল
https://parstoday.ir/bn/news/bangladesh-i21286-সিঙ্গাপুরে_বিএনপি_নেতা_আ_স_ম_হান্নান_শাহ’র_ইন্তেকাল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ আর নেই। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) ভোরে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০১৬ ০৪:২৯ Asia/Dhaka
  • ফাইল ছবি
    ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ আর নেই। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) ভোরে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

সিঙ্গাপুরে থাকা তার ছোট ছেলে শাহ রেজানুর হান্নানের বরাত দিয়ে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। সিঙ্গাপুরে শাহ রেজানুর ছাড়াও আছেন তার ছোট মেয়ে শারমিন হান্নান।

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন হান্নান শাহ। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে হান্নান শাহকে ভর্তি করা হয় র‍্যাফেলস্ হার্ট সেন্টারে।

গত ১৩ সেপ্টেম্বর দুপুরে ওই সেন্টারে চিকিৎসক ডা. অ্যালভিন এনজি’র নেতৃত্বে একদল চিকিৎসক হান্নান শাহ’র হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার করেন। তখন শাহ রেজানুর জানান, অস্ত্রোপচারের মাধ্যমে হান্নান শাহ’র হৃদযন্ত্রে চারটি রিং বসানো হয়। বিকেলে করানো হয় এনজিওগ্রাম। অবস্থার উন্নতি হওয়ায় খুলে দেয়া হয় লাইফ সাপোর্টও। কিন্তু তার ১৩ দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হান্নান শাহ।

বিএনপি চেয়ারপারসন ও মহাসচিবের শোক

বিএনপির এ প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলাদা দু’টি বার্তায় তারা এ শোক প্রকাশ করেন। খালেদা ও ফখরুল তাদের শোকবার্তায় মরহুমের রুহের শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।

হান্নান শাহ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। অবসরের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং সংসদ সদস্য হয়েছিলেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতাসীন থাকার সময় পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন হান্নান শাহ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭