জাতীয় ঐক্য সৃষ্টি করতে না পারলে আমরা কেউই রেহাই পাব না: ফখরুল
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপির শক্তি জনগণ। সেই জনগণকেই অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত ও সচেতন করতে হবে। সাহস দিতে হবে। ঐক্য সৃষ্টিতে কাজ করতে হবে। তাহলেই জেল-জুলুম উপেক্ষা করে বিএনপি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। কারণ জাতীয় ঐক্য ছাড়া কোনো পরির্বতন সম্ভব হয় নি।”
আজ (সোমবার) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘শহীদ নাজির উদ্দিন জেহাদ স্মৃতি পরিষদ’ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “২০১৪ সালে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে না যাওয়া। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। এরশাদের জাতীয় পার্টি ছাড়া কোনো রাজনৈতিক দল ওই নির্বাচনে যায় নি। কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হয় নি। সেদিন সারাদেশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যদি না আমরা ভূ-রাজনীতি অর্থাৎ জিও পলিটিক্সের শিকার না হতাম।”
আওয়ামী লীগকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “এরা (আওয়ামী লীগ) কাউকে ছাড়বে না। ফ্যাসিবাদীরা কাউকে ছাড়ে না। তাই জাতীয় ঐক্য সৃষ্টি করতে না পারলে আমরা কেউই রেহাই পাব না।”
তিনি তার ভাষায় বলেন, “২৬ বছর পূর্বে একজন স্বৈশাসকের হাত থেকে মুক্ত হওয়া বাংলাদেশ এখন নতুন ফ্যাসিবাদী শাসকের কবলে। ফলে ফ্যাসিবাদী এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে বিএনপিকে কম মূল্য দিতে হয় নি। রক্তের প্রতিদান দিতে পারি নি। সঠিক লক্ষ্যে পৌছাতে আমাদের কৌশল নির্ধারণ করতে হবে। তাই আগে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। তারপর জাতীয় ঐক্য। তাহলেই বর্তমান দানবকে সরানো সম্ভব হবে।”
তিনি বলেন, “এই দেশ শেখ হাসিনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা এরশাদের একার নয় যে, তাদের ইচ্ছে মতো দেশকে ধ্বংস করে দেবে। অধিকার কেড়ে নেবে। এই বাংলাদেশ ১৬ কোটি মানুষের দেশ, যা সংবিধান স্বীকৃত।”
বিএনপি মহাসচিব বলেন, ১৯৯০ আর ২০১৬ সাল এক নয়। দেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় ঐক্য ছাড়া কোনো গণ-অভ্যুত্থান সফল হয় নি। দুঃখজনক হলেও সত্যি যে, এখন পর্যন্ত সে ধরনের কোনো জাতীয় ঐক্য গড়ে ওঠে নি। তিনি বর্তমান পরিস্থিতি মোকাবেলায় জাতীয় ঐক্য সৃষ্টির জন্য দলের নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু'র সাবেক সহসভাপতি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যদের মধ্যে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।#
পার্সটুডে/এআর/১০