৭ নভেম্বর উপলক্ষে বিএনপি'র ১০ দিনের কর্মসূচি ঘোষণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i23509-৭_নভেম্বর_উপলক্ষে_বিএনপি'র_১০_দিনের_কর্মসূচি_ঘোষণা
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ (বৃহস্পতিবার) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২০, ২০১৬ ১৪:০৯ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ (বৃহস্পতিবার) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১০ দিনের কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, ৭ নভেম্বর বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একইদিন সকালে চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি। এছাড়া রাজধানীতে অনুমতি সাপেক্ষে আলোচনা সভা করা হবে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠন তাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি পালন করবে।

সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার আশাবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ৭ কিংবা ৮ নভেম্বর যে কোনো একদিনের জন্য জনসভার স্বার্থে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হবে। সেক্ষেত্রে বিএনপি'র পক্ষ থেকে প্রত্যাশা করবো, জনসভা করতে কোনো প্রকার প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে না।

বিএনপি মহাসচিব আরো বলেন, "আমরা দেখতে পাচ্ছি জাতীয় সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ, রাষ্ট্রযন্ত্র এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমরাও আশা করি জনসভা করতে বিএনপি নূন্যতম গণতান্ত্রিক অধিকার পাবে।"

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, "দলের মধ্যে আলোচনা করে যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। দাওয়াত দিয়েছেন আমরা খুশি হয়েছি। তবে আমাদের কাউন্সিলে তাদের দাওয়াত দিয়েছিলাম তারা আসেন নি। তারা এলে আমরা খুশি হতাম।"

যৌথসভায় বিএনপি'র সহ-সভাপতি শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ অন্যরা অংশ নেন।#

পার্সটুডে/শামস মণ্ডল/মোঃ রেজওয়ান হোসেন/২০