নাসিরনগরের ঘটনায় পুলিশের দেয়া তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান বিএনপির
-
ব্রিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী
বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলা, লুট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দেয়া তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করেছে বিএনপি। আজ(মঙ্গলবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই তদন্ত সাজানো, মিথ্যা।
রিজভী বলেন, নাসিরনগরের ঘটনা নিয়ে গণমাধ্যমে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের নেতারা বক্তব্য দিয়েছেন। নাগরিক সমাজের প্রতিনিধিরা পর্যবেক্ষণ জানিয়েছেন। তাদের সকলের পর্যবেক্ষণ হচ্ছে- আওয়ামী লীগের স্থানীয় কোন্দলের কারণে নাসিরনগরের ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।
অথচ পুলিশী তদন্তে নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দিন ও ইউনিয়ন যুবদলের সহসভাপতি বিল্লাল হোসেনের নাম জড়িয়ে দেয়া হয়েছে। নিজেদের অপকর্মের দায় কমাতে ভারসাম্য আনার জন্য সরকার এরকম বানোয়াট রিপোর্ট দিয়েছে।
এদিকে, নাসিরনগরে হিন্দুদের মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা আজ সকালে রাজধানীর শাহবাগ মোড় কয়েঁকঘন্টার জন্য অবরোধ করে রাখে। এর আগে গত শুক্রবার তারা দোষীদের গ্রেফতারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/১৫