খালেদা জিয়াকে রাখার মতো কারাগার বাংলাদেশে নেই: দুদু
-
বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাখার মতো কারাগার বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু। তিনি বলেন, খালেদা জিয়াকে জেলে ঢোকানোর স্বপ্ন দেখছে সরকার। এটি স্বপ্নই থাকবে; পূরণ হবে না।
বিএনপির চেয়ারপারসনকে ধারণ করার মতো কারাগার এখনো তৈরি হয়নি। কারণ তাকে বন্দি করা হলে দেশের সর্বস্তরের জনগণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। তাই অযথা গ্রেফতারের ভয় দেখিয়ে কোন লাভ নেই। বরং খালেদা জিয়ার সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে হবে।
আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। গত বৃহস্পতিবার জন্মদিন পালন সংক্রান্ত মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
অবিলম্বে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে এর মধ্য দিয়ে দেশের মানুষকে অসম্মান করা হয়েছে।
তিনি আরও বলেন, ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মদিন পালন করেন তাতে এতো প্রশ্ন তাহলে পার্শ্ববর্তী দেশ ভারত ওইদিন স্বাধীনতা দিবস পালন করে তাতে তো কোনো সমস্যা হয় না। শেখ হাসিনা তো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে কোনো চিঠি পাঠান না।
দুদু বলেন, বিএনপি সবসময় শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাশীল। যে কারণেই তারেক জিয়া বঙ্গবন্ধুর কবরও জিয়ারত করেছেন। অথচ শেখ হাসিনা শহীদ জিয়াকে রাজাকারের সঙ্গে তুলনা করেছেন।
এ বিএনপি নেতা আরও বলেন, আমরা শান্তি চাই, গণতন্ত্র চাই। আর এসবের জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনে ইসি শেখ হাসিনার টেলিফোনের জন্য বসে থাকবে না।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/১৮