খালেদা জিয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীকেও বিবেচনা করতে হবে: মির্জা ফখরুল
-
বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক
বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন তা পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “এটি যেমন রাষ্ট্রপতি দেখবেন, তেমনি বৃহৎ একটি রাজনৈতিক দলের প্রধান এবং সরকার প্রধান হিসেবে তাকেও (প্রধানমন্ত্রী) বিবেচনা করতে হবে।”
আজ (শনিবার) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে আজ বিকেলে বাসভবন হাঙ্গেরি সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে ইসি পুনর্গঠন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবের সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাশা করেন সাংবাদিকরা।
এ সময় তিনি বলেন, “তিনি (খালেদা) নির্বাচন করেননি, একটা দল হিসেবে বা দলের প্রধান হিসেবে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নির্বাচন থেকে বিরত থেকেছিল। এখন এতদিন পর ওনার টনক নড়ল। এরপর উনি মানুষ খুন করে আওয়ামী লীগ সরকার উৎখাত করার আন্দোলন করল। যেকোনো প্রস্তাব দেয়ার আগে তার তো জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল যে, সে যে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে তার জন্য।”
এর পর প্রধানমন্ত্রী বলেন, “ঠিক আছে, ওনার প্রস্তাব উনি দিয়েছেন। রাষ্ট্রপতিকে বলুক, রাষ্ট্রপতি ভালো বুঝবেন, তিনি কী পদক্ষেপ নেবেন। রাষ্ট্রপতি যে পদক্ষেপ নেবেন সেটাই হবে। এখানে আমাদের কিছু বলার নেই।”
প্রধানমন্ত্রীর এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের আগে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট দূর করার জন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন। এটি করতে হলে সবার আগে দরকার একটি শক্তিশালী নির্বাচন কমিশন। সেই প্রস্তাবটি তুলে ধরেছেন বিএনপির চেয়ারপারসন। এটি পাশ কাটানোর সুযোগ নেই।”
মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই- প্রধানমন্ত্রীর এ বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বিএনপি কখনোই মধ্যবর্তী নির্বাচনের কথা বলেনি। যেহেতু ২০১৪ সালের নির্বাচনটির নৈতিক কোনো ভিত্তি নেই, সেহেতু আমরা দ্রুত আর একটি নির্বাচন চেয়েছি। নির্বাচনটি কবে হবে সে সিদ্ধান্ত সরকারি দলই নিবে। তবে, যত দ্রুত হয় ততই ভালো।”
সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবদের সঙ্গে আজ রাতে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকে নারায়ণগঞ্জ নির্বাচনের দলের কৌশল নির্ধারণ, নির্বাচন কমিশন গঠন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।#
পার্সটুডে/এআর/৩