বিএনপির অভিযোগের উপযুক্ত জবাব দিয়েছে নারায়ণগঞ্জবাসী: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i29032-বিএনপির_অভিযোগের_উপযুক্ত_জবাব_দিয়েছে_নারায়ণগঞ্জবাসী_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির অভিযোগের উপযুক্ত জবাব দিয়েছে নারায়ণগঞ্জবাসী। নির্বাচন যে অবাধ ও সুষ্ঠু করা যায় সেটা আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে। 
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৬ ২১:৪৮ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রীকে ফুলের তৈরি নৌকা উপহার দিয়ে শুভেচ্ছা জানান আইভী
    প্রধানমন্ত্রীকে ফুলের তৈরি নৌকা উপহার দিয়ে শুভেচ্ছা জানান আইভী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির অভিযোগের উপযুক্ত জবাব দিয়েছে নারায়ণগঞ্জবাসী। নির্বাচন যে অবাধ ও সুষ্ঠু করা যায় সেটা আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে। 

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সদ্য বিজয়ী মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। গণভবনে প্রবেশ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের দুইবারের মেয়র আইভীকে বুকে টেনে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পরে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সেলিনা হায়াৎ আইভী প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন এবং কপালে চুমু খান। আইভী প্রধানমন্ত্রীর হাতে ফুলের তৈরি নৌকা উপহার দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান এবং মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমার একটাই নির্দেশ ছিল। নির্বাচনটা হবে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ। সাধারণ মানুষ যেন ভোটটা সঠিকভাবে দিতে পারে এবং আমার এই বিশ্বাস ছিল, আস্থা ছিল জনগণের প্রতি, বিশেষ করে নারায়ণগঞ্জের ভোটারদের প্রতি যে তারা ভোট দেয়ার সুযোগ পেলে নৌকা মার্কায় ভোট দেবে এবং আইভীকে ভোট দেবে। এতে কোনো সন্দেহ ছিল না। কাজেই সে জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, জন্ম থেকেই বিএনপি সব সময় ভোট চুরি করেছে, ভোট নিয়ে কারচুপি করেছে। যে দলটি এত অপরাধ করেছে এ দেশের মানুষ বিএনপিকে ভোট দেয় কী করে? 

বিএনপির উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘বিএনপিকে আমি একটা বলব, আজকে তারা কোনো কথা খুঁজে পাচ্ছে না। কী যে বলবে। এখন মানে কোথায় কী আছে। আবার দেখলাম জুডিশিয়াল ইনকোয়ারিও চাচ্ছে। যখন কিছু না পায় তখন একটা কিছু তাদের বলতে হবে। বলার তাদের মুখ নাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন যে সুষ্ঠু, অবাধ করা যায় সেটা আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে প্রত্যেকটি নির্বাচনে। প্রত্যেকটি নির্বাচন আমরা বলতে পারি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে এবং জনগণ ভোট দিয়েছে। জনগণ যাকে ভোট দিয়েছে তারাই জয়ী হয়েছে। কারণ বিএনপি নিজেই তো পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হয়েছিল। আওয়ামী লীগের আমলে যদি ভোট কারচুপি হয় তাহলে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে তারা জয়ী হলো কীভাবে? সেখানে তো আওয়ামী লীগ কিছু করতে যায়নি। জনগণ যে ম্যান্ডেট দিয়েছে আমরা সেটাই মেনে নিয়েছি। কাজেই এই নির্বাচন আমি মনে করি, এটা একটা, এতদিন যে অভিযোগ করে আসছিল সেই অভিযোগের একটা উপযুক্ত জবাব নারায়ণগঞ্জবাসী দিয়ে দিয়েছে।’ 

 প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন আইভী

এসময় সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘এটা প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনার অধীনে যে কোনো ধরনের নির্বাচন, একদম সুষ্ঠু নির্বাচন সম্ভব। সেটা নারায়ণগঞ্জবাসী প্রমাণ করেছে এবং যেই গণতন্ত্রের কথা বলা হয়েছে, গণতন্ত্র হত্যা করা হয়েছে, সেই গণতন্ত্র দেখিয়ে দিয়েছে গণতন্ত্র কাকে বলে।’ 

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী. ডা. সেলিনা হায়াৎ আইভী তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপিদলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে সাড়ে ৭৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে আবার মেয়র পদে জয়ী হন। তবে, নির্বাচনের ফলাফলে গরমিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খান। তিনি মনে করেন, তার পরাজয়ের পেছনে সূক্ষ্ম একটি বিষয় কাজ করেছে। অবশ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ওই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।# 

পার্সটুডে/এআর/২৪