আবারও একতরফা নির্বাচন করতে চাইলে দেশে গণ-অভ্যুত্থান হবে: বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i33386-আবারও_একতরফা_নির্বাচন_করতে_চাইলে_দেশে_গণ_অভ্যুত্থান_হবে_বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নতুন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তারপরও তাঁরা সামনের কয়েকটি নির্বাচনে দেখতে চান, নতুন কমিশন রকিবউদ্দীন কমিশনের মতো নির্বাচন করে কি না।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০১৭ ১৬:২৩ Asia/Dhaka
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন
    বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নতুন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তারপরও তাঁরা সামনের কয়েকটি নির্বাচনে দেখতে চান, নতুন কমিশন রকিবউদ্দীন কমিশনের মতো নির্বাচন করে কি না।

আজ (বুধবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ অভিযোগ করেন, নতুন নির্বাচন কমিশন সরকারের পছন্দের। এমন একজনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে, যিনি সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত অবস্থায় সরকারের বিরুদ্ধে জনতার মঞ্চের সংগঠক ছিলেন। তিনি কুমিল্লার জেলা প্রশাসক ছিলেন। সে সময় তিনি তখনকার প্রধানমন্ত্রীর ছবি কার্যালয় থেকে নামিয়ে ফেলেছিলেন।

খন্দকার মোশাররফ বলেন, সরকার ৫ জানুয়ারির মতো আবারও একতরফা নির্বাচন করতে চাইলে দেশে গণ-অভ্যুত্থান হবে।

এর আগে, গতকাল সোমবার বিকেলে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে কমিশনের চার সদস্য মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

বৈঠক শেষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, সাক্ষাতকালে প্রেসিডেন্ট নতুন নির্বাচন কমিশনারদের শুভেচ্ছা জানান এবং তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে কোনো ধরনের ছাড় না দেয়ার পরামর্শ দেন। প্রেস সচিব জানান, এ নতুন কমিশন যাতে করে সকল রাজনীতিক দল ও ভোটারদের আস্থা অর্জন করতে পারে সে পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট।

গত  ৬ ফেব্রুয়ারি  পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন প্রেসিডেন্ট । নবগঠিত এ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠতি হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এছাড়া সব মিলিয়ে তারা প্রায় ৬০ হাজার নির্বাচনের আয়োজন করবে। এরই মধ্যে নতুন কমিশনের অধীনে রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌর নির্বাচন হয়েছে। ঘোষণা করা হয়েছে সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ-২ শূন্য আসনের উপ-নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল। বিএনপি পক্ষপাতিত্বের অভিযোগ এনে এ কমিশনের নানা সমালোচনা করে যাচ্ছে। তবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, সব দলকে সঙ্গে নিয়ে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের চেষ্টা করবেন তারা। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২