সরকার হাওর এলাকার মানুষের অসহায়ত্ব নিয়ে তামাশা করছে: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i37056-সরকার_হাওর_এলাকার_মানুষের_অসহায়ত্ব_নিয়ে_তামাশা_করছে_রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, সরকার হাওর এলাকার মানুষের অসহায়ত্ব নিয়ে তামাশা করে যাচ্ছে, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের আহার, ক্ষুধা ও অসহায়ত্ব নিয়ে তামাশা করবেন না।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২৯, ২০১৭ ১৫:৩৪ Asia/Dhaka
  • বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, সরকার হাওর এলাকার মানুষের অসহায়ত্ব নিয়ে তামাশা করে যাচ্ছে, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের আহার, ক্ষুধা ও অসহায়ত্ব নিয়ে তামাশা করবেন না।’

আজ (শনিবার) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী অভিযোগ করেন, হাওর এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাদের। বেছে বেছে পছন্দের আওয়ামী লোকদের তালিকা করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত লাখ লাখ সাধারণ কৃষক বঞ্চিত হবেন।

রিজভী উল্লেখ করেছেন, হাওরের বন্যা শুরু হবার পরপরই বিএনপির মহাসচিব হাওর এলাকায় গেছেন, সেখানে ত্রাণকাজে অংশ নিয়েছেন। গত পরশু বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা-কর্মীদের নিয়ে দুর্গত এলাকায় ব্যাপক ত্রাণকাজ চালিয়েছেন। বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান এবং বিএনপির জাতীয় ত্রাণ কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমানকে সুনামগঞ্জে ত্রাণকার্য চালাতে প্রশাসন বাধা দিয়েছে। এরপরও স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ব্যাপকভাবে দুর্গত হাওর এলাকায় ত্রাণতৎপরতা অব্যাহত রেখেছেন। সরকারি বাধা না থাকলে বিএনপিসহ অন্য বিরোধী দলগুলো ব্যাপক ত্রাণকাজ চালাতে পারত। তিনি ত্রাণ তৎপরতায় বাধা না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

"হাওর অঞ্চলের দুর্গতি সরকারের দুর্নীতির ফসল"

এদিকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান অভিযোগ করেন, সরকার হাওরবাসীকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। হাওর অঞ্চলের দুর্গতি সরকারের দুর্নীতির ফসল।

হাওরের বিপর্যয়কে জাতীয় দুর্যোগ ঘোষণা এবং হাওরবাসীকে রক্ষায় দ্রুত রাষ্ট্রীয় পদক্ষেপ নেয়ার দাবিতে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর শাখা ওই মানববন্ধনের আয়োজন করে। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, ঢাকা মহানগরের সদস্যসচিব শহীদুন নবী প্রমুখ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯