বেতন-ভাতা বেড়েছে, দুর্নীতি বন্ধ করতে হবে: সচিবদের প্রতি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i41334-বেতন_ভাতা_বেড়েছে_দুর্নীতি_বন্ধ_করতে_হবে_সচিবদের_প্রতি_প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি বন্ধের জন্য সচিবদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ (রোববার) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভা কক্ষে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিবদের নিয়ে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, বেতনভাতা বাড়ানো হয়েছে, কর্মচারিদের দুর্নীতি বন্ধ করতে হবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ০২, ২০১৭ ১৩:৫৪ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি বন্ধের জন্য সচিবদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ (রোববার) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভা কক্ষে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিবদের নিয়ে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, বেতনভাতা বাড়ানো হয়েছে, কর্মচারিদের দুর্নীতি বন্ধ করতে হবে।

একইসঙ্গে প্রধানমন্ত্রী আন্তঃক্যাডার বৈষম্য দূর করে সকলের ন্যায়-সঙ্গত পদোন্নতি এবং পদায়ন নিশ্চিত করারও আহবান জানান।

প্রধানমন্ত্রী দক্ষ এবং যোগ্যদের গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব প্রদানের আহবান জানিয়ে বলেন, ভালো কাজের পুরস্কার আর মন্দ কাজের জন্য তিরস্কার ব্যবস্থা কার্যকর করতে হবে। সুশাসন নিশ্চিত করার ব্যবস্থা নিন। সেবা প্রদানকারী সংস্থাগুলো থেকে সেবা পেতে জনগণকে যাতে ভোগান্তির শিকার না হতে হয় তার উদ্যোগ নিন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, উন্নয়ন কর্মসূচি এমনভাবে গ্রহণ করতে হবে যাতে সর্বোচ্চসংখ্যক মানুষ উপকৃত হয়। গ্রাম উন্নয়নের উপর জোর দিতে হবে। গ্রামে কর্মসংস্থান তৈরি করতে হবে যাতে গ্রামের মানুষ কাজের খোঁজে শহরে না আসে। শহরের উপর জনসংখ্যার চাপ যাতে না বাড়ে সে ব্যবস্থা করতে হবে।

 সচিবদের সরকারের অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক সরকার একটি নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় আসে। কিন্তু, সচিবদের আরো অনেক দীর্ঘ সময় ধরে সেবা দেয়ার সুযোগ থাকে। কাজেই এটা সচিবদের উপরই নির্ভর করে দেশ কিভাবে চলবে।

শেখ হাসিনা সচিবদের কাজে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, তাঁর দলের রাজনৈতিক দর্শন এবং পরিকল্পনা বাস্তবায়নে তিনি একটি ভালো টীমের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন।

বৈঠকের শুরুতে আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সরকারের সংস্কার কর্মসূচির উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম স্বাগত বক্তৃতা প্রদান করেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২