বাংলাদেশের বন্যা মোকাবেলায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
-
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় তাঁর সরকারের সকল প্রস্তুতি রয়েছে। আজ (মঙ্গলবার) রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫’র প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন ।
সাম্প্রতিক বন্যার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমাদের এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। কিন্তু সেই দুর্যোগ মোকাবিলারও আমাদের সব ব্যবস্থা আছে।
উল্লেখ্য, তিস্তার পাশাপাশি উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র অববাহিকা এবং উত্তর-পূর্বাঞ্চলে সুরমা ও কুশিয়ারায় পানি বাড়ছে। বর্ষণ অব্যাহত থাকলে এমাসে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে বন্যা সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস রয়েছে।
শেখ হাসিনা বলেন, এরইমধ্যে অকাল বন্যা হয়ে গেছে হাওর এলাকায়। এখন সিলেট অঞ্চলে বন্যা চলছে। ওই পানি যখন নেমে আসবে, তখন ধীরে ধীরে অগস্ট মাসের শেষের দিকে দক্ষিণাঞ্চল প্লাবিত হবে।
তিনি জানান, “আমাদের প্রস্তুতি আছে। এখনই যেখানে বন্যা হচ্ছে সেখানে লোক পাঠাচ্ছি। সরকার ও দলের পক্ষ থেকে করা হচ্ছে।”
এ সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। ১৯৮৮ সালের বন্যায় অনেক মানুষ না খেয়ে মারা গেলেও ১৯৯৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম বন্যা ‘খুব ভালভাবে’ মোকাবেলা করা হয়েছে।
তিনি বলেন, আমরা জানি প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের একটি সাধারণ বিষয়। সেজন্য পরিস্থিতি মোকাবেলায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে। যেকোন দুর্যোগে প্রতিটি বিভাগকে দায়িত্ব পালন ও পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেয়ার জন্য স্থায়ী নির্দেশ দেয়া আছে।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৪