ইসলামের নামে দেশে সন্ত্রসাবাদ ও জঙ্গি তৎপরতা চালাতে দেব না: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i42606-ইসলামের_নামে_দেশে_সন্ত্রসাবাদ_ও_জঙ্গি_তৎপরতা_চালাতে_দেব_না_প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অল্প কিছু মানুষের ধর্মের নামে সন্ত্রাসের জন্য নিরীহ মুসলমানদের বিপদে পড়তে হয়। দেশে ইসলামের নামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কিছুই কার্যকর করতে দেব না।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ২২, ২০১৭ ০৭:৪৬ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)
    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অল্প কিছু মানুষের ধর্মের নামে সন্ত্রাসের জন্য নিরীহ মুসলমানদের বিপদে পড়তে হয়। দেশে ইসলামের নামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কিছুই কার্যকর করতে দেব না।

আজ(শনিবার) আশকোনায় হজ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ইসলাম হল শান্তির ধর্ম। এই ধর্মকে যেন কেউ অপব্যবহার করতে না পারে। কিছু লোকের ভ্রান্ত ধারণার ফলে গোটা বিশ্বের মুসলমানরা বিপদে পড়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, নিরীহ মানুষকে মারার অধিকার কারও নেই। শেষ বিচার করবেন আল্লাহ। তার ওপর কেন আশ্বাস রাখতে পারেন না। আর আত্মঘাতী হলে কেউ বেহেস্তে চলে যাবে এমন কথা কোথাও বলা নেই। এই বিভ্রান্তিটা সৃষ্টি করা হচ্ছে। আমরা চাই না আমাদের দেশ এ ধরনের বিভ্রান্তির দিকে যাক।

উপস্থিত হজ যাত্রীদের উদ্দেশে তিনি দোয়া চেয়ে বলেন, আপনারা পবিত্র জায়গায় যাচ্ছেন। আপনারা দোয়া করবেন আমাদের পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, শান্তির ধর্ম; আমাদের দেশে অন্তত সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে সহঅবস্থান করতে পারে।

শেখ হাসিনা বলেন, গত আট বছরে হজ ব্যবস্থাপনা নির্বিঘ্নে হয়েছে। নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। ক্ষমতা গঠনের পর জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বায়তুল মোকাররম মসজিদের মিনার নির্মাণ, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাসহ মসজিদ উন্নয়নের কাজ শুরু করি। 
মেয়েদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করি। প্রায় ৫ হাজার মহিলা যাতে একসঙ্গে বসে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থা করি। ৯৬ থেকে ২০০১ সালে ক্ষমতায় থাকার সময় কাজগুলো শুরু করি। তখন সৌদি বাদশাকে বলেছিলাম আমাদের জাতীয় মসজিদের উন্নয়ন করতে চাই। তিনি আমাদের সাহায্য করেন।

শেখ হাসিনা বলেন, আমাদের দেশে যেটা হয়, যখন একটা সরকার কাজ শুরু করে পরবর্তী কোনো সরকার আসলে তা বন্ধ করে দেয়। তবে সব সরকার তা করে না। যেমন আমরা করি নি।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২