সরকারকে যতই শক্তিশালী মনে হোক, আসলে তারা দুর্বল: নোমান
https://parstoday.ir/bn/news/bangladesh-i51225-সরকারকে_যতই_শক্তিশালী_মনে_হোক_আসলে_তারা_দুর্বল_নোমান
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, "দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা আলোচনা করব; প্রয়োজনে আন্দোলনও করব। আর এভাবেই আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। ওপরে সরকারকে যতই শক্তিশালী মনে হোক। আসলে তারা দুর্বল হয়ে গেছে।"
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১২, ২০১৮ ১৪:২২ Asia/Dhaka
  • বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান
    বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, "দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা আলোচনা করব; প্রয়োজনে আন্দোলনও করব। আর এভাবেই আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। ওপরে সরকারকে যতই শক্তিশালী মনে হোক। আসলে তারা দুর্বল হয়ে গেছে।"

আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক মঞ্চ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নোমান বলেন, "৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের চেষ্টা হলে বিএনপি সেই নির্বাচন মাথা পেতে নেবে না। সেই নির্বাচন জাতিও গ্রহণ করবে না। সেই নির্বাচনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আওয়াজ তুলবে। আমরা নির্বাচন চাই, নির্বাচন আমরা যাব। তবে সেই নির্বাচন নির্ভেজাল হতে হবে। আর সেই নির্বাচনে সহায়ক সরকার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।"

বিএনপির এ নেতা আরও বলেন, "বর্তমান সরকার গণতন্ত্রের কবর রচনা করতে চায়। কারণ সরকার মনে করে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। এই কারণে তারা বিএনপিকে ধ্বংস করতে চায়।"

তিনি আরও বলেন, "দেশের জনগণের সঙ্গে শেখ হাসিনা সরকারের লড়াই হবে। বাংলাদেশের রাজনীতিতে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আওয়ামী লীগ বন্দুক ও রাইফেল দিয়ে তা দমিয়ে রাখতে পারবে না।"

খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার সমালোচনা করে নোমান বলেন, "হামলা ও মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে বন্দি করতে পারবে না। আর যদি বন্দি করে তাহলে দেখা যাবে, খালেদা জিয়া ফুলের মালা নিয়ে কারাগার থেকে বের হচ্ছেন আর হাসিনা কারাগারে ঢুকছেন। এই লিখন তার কপালে।"

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, "জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন তাই আমরা যুদ্ধ করে দেশে যে স্বাধীনতা এনেছিলাম, সেই স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে আর এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে"#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১২