পুলিশের প্রিজন ভ্যানে হামলা: রিজভী-গয়েশ্বরসহ ৮০০ জনকে আসামি করে মামলা
https://parstoday.ir/bn/news/bangladesh-i52241-পুলিশের_প্রিজন_ভ্যানে_হামলা_রিজভী_গয়েশ্বরসহ_৮০০_জনকে_আসামি_করে_মামলা
বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে দুই কর্মীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ৩১, ২০১৮ ০৮:৪৭ Asia/Dhaka
  • পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে ছাত্রদলের দুই কর্মীকে ছিনিয়ে নেয়া হয়।
    পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে ছাত্রদলের দুই কর্মীকে ছিনিয়ে নেয়া হয়।

বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে দুই কর্মীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নসহ বেশ কয়েকটি ধারায় গতকাল (মঙ্গলবার) রাতে শাহবাগ থানায় মামলা দুটি করা হয়েছে।  শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম ও এসআই চম্পক বাদী হয়ে পৃথক এই মামলা দুটি করেন। এছাড়া, মঙ্গলবার রাতে রমনা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন, প্রিজন ভ্যানে হামলার সময় ৬৯ জনকে আটক করা হয়েছিল। তাদের নাম উল্লেখসহ ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করে দুই মামলা দায়ের হয়েছে।

প্রিজন ভ্যানে বিএনপির হামলা

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিয়ে ফিরছিলেন। এসময় হাইকোর্টের সামনের রাস্তায় প্রিজন ভ্যানে আটক থাকা দুই কর্মী সোহাগ মজুমদার এবং ওবায়দুল হক মিলন ইশারা করলে ভ্যান ঘিরে জড়ো হন বিএনপি কর্মীরা। তারা তখন প্রিজন ভ্যানে ভাঙচুর চালিয়ে আটক কর্মীদের ছিনিয়ে নিয়ে যায়।

গয়েশ্বর চন্দ্র রায় ও অনিন্দ্য ইসলাম অমিত

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকেও তার শান্তিনগরের বাসা থেকে মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এছাড়া, মধ্যরাতের পর থেকে বিএন‌পির যুগ্ম মহাস‌চিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায়। বাসায় তল্লাশি চালানোর সময় তিন নেতার কেউ বাসায় ছিলেন না। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আজ সকাল পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায় নি। #

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১