এবার আমান-নাজিম গ্রেফতার, ফখরুল বললেন ‘অপকৌশলের আশ্রয় নিয়েছে সরকার’
https://parstoday.ir/bn/news/bangladesh-i52389-এবার_আমান_নাজিম_গ্রেফতার_ফখরুল_বললেন_অপকৌশলের_আশ্রয়_নিয়েছে_সরকার’
বিএনপি চেয়ারপারস‌ন বেগম খালেদা জিয়ার উপ‌দেষ্টা আমানউল্লাহ আমান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলমকে গ্রেফতার করেছে র‍্যাব। র‌্যাব প্রথমে অস্বীকার করলেও পরে এসএমএসের মাধ্যমে তাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০১৮ ২১:৩৬ Asia/Dhaka
  • আমানউল্লাহ আমান এবং নাজিমউদ্দিন আলম
    আমানউল্লাহ আমান এবং নাজিমউদ্দিন আলম

বিএনপি চেয়ারপারস‌ন বেগম খালেদা জিয়ার উপ‌দেষ্টা আমানউল্লাহ আমান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলমকে গ্রেফতার করেছে র‍্যাব। র‌্যাব প্রথমে অস্বীকার করলেও পরে এসএমএসের মাধ্যমে তাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করে।

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমের বাসা মহাখালী ডিওএইচএসের ৩১ নম্বরে। র‌্যাব-১ এর সদস্যরা বাসা ঘেরাও করে তাকে আটক করে। তার বাসায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানও ছিলেন।

গত সপ্তাহে হাইকোর্ট প্রাঙ্গণে পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান।

এর আগে আজ বিকেলে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনকে উত্তরা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। এছাড়াও রাজশাহী মহানগর বিএনপির নেতা মতিউর রহমান মন্টুসহ চারজনকে রাজধানীর পল্টন এলাকা থেকে আটক করা হয়।

পুলিশের প্রিজন ভ্যানে হামলার পর এই কয় দিনে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক আনিসুর রহমান খোকন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা গ্রেফতার হন।

গত চার দিনে গ্রেফতারের সংখ্যা তিন শতাধিক বেশি বলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে দাবি করেন।

মির্জা ইসলাম আলমগীর

এদিকে, দলটির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর শুক্রবার রা‌তে গণমাধ্যমে পাঠা‌নো এক বিবৃ‌তি‌তে অভিযোগ করেন, বিএনপির নির্বাহী কমিটির সভায় বাধা দিতেই নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

তিনি বলেন, ‘আগামীকাল (শনিবার) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠেয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভাকে সুপরিকল্পিতভাবে বাধা দেওয়ার জন্যই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিএনপির সিনিয়র নেতাসহ সব পর্যায়ের নেতাকর্মীদের গ্রেফতার ও বাসায় বাসায় তল্লাশির নামে হানা দিচ্ছে। বিএনপি নেতারা যাতে সভাস্থলে যোগ দিতে না পারে এজন্যই এই অপকৌশলের আশ্রয় নিয়ে সরকার।’

মির্জা ফখরুল আরো ব‌লেন, কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের আরো একটি উদ্দেশ্য হলো- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় যদি কোনো ধরনের নেতিবাচক রায় দেয়া হয় তাহলে নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে যেন প্রতিবাদ করতে সাহসী না হয়। গণতন্ত্রে প্রতিবাদ একটি অপরিহার্য শর্ত। কিন্তু সেটি আওয়ামী লীগ কখনোই বিশ্বাস করে না।

ফখরুল বলেন, ‘দুঃশাসনের করাল গ্রাসে বন্দি গণতন্ত্র এখন মুক্তির জন্য আর্তনাদ করছে। কিন্তু সারা দেশটাকেই এখন বন্দিশালায় পরিণত করা হয়েছে। এসব নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।’#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩