এতিমের সম্পদ মেরে খালেদা জিয়া শাস্তি পেয়েছেন: শেখ হাসিনা
-
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "এতিমদের সম্পদ মেরে খেলে তাদের শাস্তি পেতে হয়, আজ সেই শাস্তি খালেদা জিয়াও পেয়েছেন। অন্যায় করলে যে শাস্তি পেতে হয় আজ তা প্রমাণ হয়েছে।"
আজ (বৃহস্পতিবার) বিকেলে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘এতিমের টাকা পর্যন্ত চুরি করেছে। এতিমখানার জন্য বক্তব্য রাখছেন টাকা এসেছে, সে টাকা এতিমের কাছে চলে যাবে, এ টাকা কেন থাকবে? আজকে ধরা পড়েছে ওই এতিমের টাকা মেরে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এতিমের টাকা মেরে খেলে তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনও দেয়। খালেদা জিয়া, তারেক জিয়া- তারাও শাস্তি পেয়েছে। লজ্জা থাকলে জীবনে লুটপাট করবে না। মানুষের অর্থ সম্পদ নেবে না।’
শেখ হাসিনা আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসে এ দেশের সম্পদ লুটপাট করতে আর দেশের মানুষকে অত্যাচার করার জন্য। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ ও মানুষের উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়। তারা আগুন দিয়ে, পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করেছে।
তিনি বলেন, 'যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তাদের বিচার এমনিই হয়, তাই হচ্ছে। মানুষ পুড়িয়ে মারার কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, সেই বিচার এখন হচ্ছে। আজকে তিনি কোথায়?'
মহারানি এখন কারাগারে: কাদের
অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সবই জানেন আপনারা, তবে খবর আর একটা আছে, মহারানি খালেদা জিয়া এখন কারাগারে। তবে এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, এটা আদালতের ব্যাপার।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের আরও বলেন, একজন দুর্নীতে চ্যাম্পিয়ন, আর একজন সততায় চ্যাম্পিয়ন। আমাদের নেত্রী শেখ হাসিনা সততার কারণে বিশ্বে স্বীকৃতিপ্রাপ্ত নেতা। তাই বলুন আরেকবার দরকার শেখ হাসিনার সরকার। তাহলে যা হয়নি তা সবই হবে। বরিশালের মানুষের ঈমান ঠিক আছে, ওয়াদা করলে ঠিক রাখে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার অবদান পদ্মাসেতু দৃশ্যমান। রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু হচ্ছে। আজ গ্রামে-গঞ্জেও প্রযুক্তি চলে গেছে। ইউনিয়নে বসে ডিজিটাল সেবা পাচ্ছেন, এখন আর শহরে আসতে হয় না। বরিশালের মানুষের আর অভাব থাকবে না।
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৮