খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ; সমাবেশ পণ্ড
https://parstoday.ir/bn/news/bangladesh-i52731-খালেদা_জিয়ার_সাজার_প্রতিবাদে_বিএনপির_বিক্ষোভ_সমাবেশ_পণ্ড
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বিএনপির ডাকা বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু করেছিলেন বিএনপির নেতাকর্মীরা।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৮ ১৩:৩৬ Asia/Dhaka
  • মিছিলে নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম
    মিছিলে নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বিএনপির ডাকা বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু করেছিলেন বিএনপির নেতাকর্মীরা।  

এর আগে, জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শত শত নেতাকর্মী মিছিল বের করে। মিছিলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিছিলে ফজলুল হক মিলন, সুলতান সালাহউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, রফিক সিকদারসহ অন্যান্য নেতারা অংশ নেন।

এরপর দৈনিক বাংলা, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিল থেকে 'জেলের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব', 'খালেদা জিয়া জেলে কেন, শেখ হাসিনা জবাব চাই' ইত্যাদি স্লোগান দেয় নেতাকর্মীরা।

মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌছালে অফিসের উপর থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্য নেতারা হাত নেড়ে স্বাগত জানান। মিছিলের পেছনে ছিল প্রচুর পুলিশ। এ সময় পুলিশের একটি জলকামানও সঙ্গে ছিল।

নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শুরুর পরপরই নেতাকর্মীদের আচমকা একদিক থেকে ধাওয়া দেয় পুলিশ। এ সময় লাঠিপেটা করা বলে অভিযোগ করেন বিএনপি’র নেতাকর্মীরা। তারা দৌড়ে গলির ভেতর দিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। কেউ কেউ দলীয় কার্যালয়ের ভেতরে গিয়ে অবস্থান নেন। এ সময় বেশ কয়েকজনকে পুলিশ আটক করে বলে জানান দলের নেতাকর্মীরা।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপার্সনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। আর অপর ৫ আসামীকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর কড়া নিরাপত্তার মধ্যে বেগম খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়।

পুলিশের এই গাড়িতে করে খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়

এ রায়ের প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার রাতেই সারাদেশে বাদ জুমা বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচি সফল করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করেন।

এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নয়াপল্টন ছাড়াও রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। টহল দিচ্ছে ছোট ছোট বিভিন্ন টিম।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৯