সুষ্ঠু নির্বাচন করতে আনসার-ভিডিপিকে প্রস্তুত থাকতে হবে: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i53237-সুষ্ঠু_নির্বাচন_করতে_আনসার_ভিডিপিকে_প্রস্তুত_থাকতে_হবে_শেখ_হাসিনা
বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার ও ভিডিপি’কে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (সোমবার) সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে তিনি এ আহ্বান জানান।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ০৯:১৭ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার ও ভিডিপি’কে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (সোমবার) সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে তিনি এ আহ্বান জানান।

আনসার বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের প্রস্তুত থাকবে হবে যাতে প্রতিটি মানুষ ভোটের অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে। আপনারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন, তাই যথাযথভাবে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। জনগণ যেন তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।”

শেখ হাসিনা জানান, “৯৬ সালে সরকার গঠন করে প্রতিটি বাহিনীকে কিভাবে উন্নত করা যায় সেদিকে পদক্ষেপ গ্রহণ করি। ২০০৮ এর নির্বাচনে জনগণ নৌকায় ভোট দেয়। এরপর বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাই। বর্তমানে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন পরমাণু যুগে পদার্পণ করছে। পরমাণু বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী মার্চ মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন করা হবে। জল-স্থল-আকাশ সবদিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা স্থির করেছি, বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ।”

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাস জড়িয়ে আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশে বিস্তৃত। তৃণমূল পর্যায়ে তারা নিরলসভাবে অবদান রেখে যাচ্ছে। কিন্তু আনসার বাহিনীর নিজস্ব কোনো পতাকা ছিল না। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা আনসার বাহিনীকে পতাকা দিয়েছি। পোশাকে পরিবর্তন এনেছি। যেকোন বাহিনীর সুযোগ-সুবিধা বা কল্যাণের বিষয়ে আমার কাছে দাবি করতে হয়নি। আমি জাতির পিতার কন্যা এ দেশকে আমি চিনি, জানি। তাই নিজ থেকেই সব কিছু করি।”

জঙ্গিবাদের বিরোধিতা করে তিনি বলেন, জাতীয় উন্নতির পরিপন্থি আমরা দেখেছি, যে অপশক্তি- অনেকসময় সন্ত্রাস, জঙ্গিবাদ, জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করে, সম্পদ নষ্ট করে, জাতীয় সম্পদ নষ্ট করে। বাংলার মাটিতে জঙ্গিবাদের স্থান হবে না।

শেখ হাসিনা বলেন, আমি ধন্যবাদ জানাই আমাদের আনসার ভিডিপির সকল সদস্যকে। যখন বিএনপি-জামাত জোট আগুন দিয়ে রেললাইন পোড়াচ্ছিলো, যখন রাস্তায় আগুন দিয়ে যাত্রীবাহী বাস পুড়িয়ে মানুষ হত্যা করছিলো, আপনারা বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন।

সকাল সাড়ে ১০টায় গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯