নির্বাচনের প্রস্তুতি ও শান্তিপূর্ণ আন্দোলন একসঙ্গে চালাতে হবে: মওদুদ
-
ব্যারিস্টার মওদুদ আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, "সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। গণতান্ত্রিক আন্দোলনে এ সরকার বিশ্বাস করে না। নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে। আমাদের নির্বাচনের প্রস্তুতি গণতান্ত্রিক আন্দোলন একসঙ্গে পরিচালনা করতে হবে।"
খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সাজা বাতিলের দাবিতে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত প্রতিবাদি যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, "আজ দেশে গড়ে ১০ জন করে প্রতিদিন খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে ৫ জন। হাজার হাজার মানুষ নির্বিচারে আটক-গ্রেফতার হচ্ছে। পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। কিন্তু তারা বিরোধী মত ও শান্তিপূর্ণ আন্দোলন দমাতে মরিয়া। আজ বিএনপি'র শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শন অনুষ্ঠানে হামলা করেছে পুলিশ। নেতাকর্মীদের আটক করেছে। এ থেকে স্পষ্ট যে সরকার চায় না, বিরোধী কোনো মত ও বাকস্বাধীনতা থাক। নেতাকর্মীদের ধৈর্যশীল হতে হবে। নির্বাচনের প্রস্তুতি ও শান্তিপূর্ণ আন্দোলন এক সঙ্গে চালাতে হবে।"
তিনি বলেন, "খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে সরকার ভাবছে আবারও একই কায়দায় নির্বাচন দিয়ে ক্ষমতায় যাবেন, সে আশা পূরণ হবে না। বেগম জিয়া আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মুক্তি পাবেন। মুক্তিতে যদি দেরিও হয় তবে শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।"
গণঅভ্যুত্থানে সরকারের পতন হবে: খন্দকার মাহবুব
এদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটানো হবে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ভিন্ন এক প্রতিবাদ সমাবেশে খন্দকার মাহবুব হোসেন বলেন, বাংলাদেশের মানুষেরও ধৈর্যের সীমা রয়েছে। আমাদের এ শান্তিপ্রিয় আন্দোলন পর্যায়ক্রমে গণআন্দোলনে রুপ নেবে, অতীতে যা হয়েছে। স্বৈরাচারি সরকার কখনও স্বেচ্ছায় বিদায় নেয়নি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই তাদের পতন ঘটাতে হয়েছে। এবারও তাই হবে।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে মাহবুব হোসেন আরও বলেন, "আজকে যদি আমরা মিছিল করতাম, হরতাল দিতাম, তাহলে সরকারি বাহিনী মিছিলে ঢুকে গাড়ি পোড়াতো, পেট্রোল বোমা মারত, অতীতে যেমনটি করা হয়েছে। তাই দেশে যাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় সেই কারণেই আমরা অত্যন্ত সচেতনভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি। এর অর্থ এ নয় যে, বিএনপির আন্দোলন করার ক্ষমতা নাই। আমরা অত্যন্ত ধৈর্য সহকারে আন্দোলনে আছি, থাকবো। কিন্তু সরকারের ফাঁদে পা দিব না।"#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৪