বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আইনি নোটিশ
-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট জমা দিয়ে নাগরিকত্ব বর্জন করেছেন বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম যে বক্তব্য দিয়েছেন তাকে মিথ্যা দাবি করে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন দলের আইনবিষয়ক সম্পাদক আইনজীবী কায়সার কামাল
তারেক রহমানের পক্ষ থেকে আজ (সোমবার) শাহরিয়ার আলমের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানায় আইনি নোটিশটি পাঠানো হয়েছে। একইসঙ্গে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলনকেও নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে হয় বক্তব্যের সত্যতা প্রমাণ করতে হবে, নয়তো ক্ষমা চাইতে হবে। এর কোনোটিই না করলে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আইনি নোটিশে বলা হয়েছে, তারেক রহমান লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট জমা দিয়ে নাগরিকত্ব বর্জন করেছেন বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যে বক্তব্য দিয়েছেন, তা অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তারেক রহমানকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতেই শাহরিয়ার আলম এই বক্তব্য দিয়েছেন।
এদিকে, তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্ট জমা দেওয়ার যে খবর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বরাতে সংবাদমাধ্যমে এসেছে, তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছেন।
আজ এক সংবাদ সম্মেলনে রিজভি বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্জলা মিথ্যা কথা বলেছেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তারেক রহমান যদি তার বাংলাদেশি পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়ে থাকেন, তাহলে সেটি প্রদর্শন করুন। হাইকমিশন তো সরকারের অধীনেই, তাদের বলুন সেটি দেখাতে।
এ প্রসঙ্গে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স রেডিও তেহরানকে বলেন, সরকার তারেক রহমানের মর্যাদা ক্ষুণ্ন করার জন্যই এ ধরনের মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে ।
উল্লেখ্য, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালে জামিনে মুক্ত হয়ে লন্ডনে যান খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর পর থেকে স্ত্রী-কন্যা নিয়ে তিনি সেখানেই বসবাস করে আসছেন।
দুই বছর আগে মুদ্রাপাচারের এক মামলায় তারেককে সাত বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট। আর গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় তার ১০ বছরের কারাদণ্ড হয়।
গত শনিবার লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আদালতে দণ্ডিত তারেক রহমানকে ‘যেভাবেই হোক’ দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিও সেই অনুষ্ঠানে তারেকের বিষয়ে কথা বলেন, যা নিয়ে দেশে কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩