বিএনপিকে নির্বাচনে আনার গরজ আওয়ামী লীগের নেই: ওবায়দুল কাদের
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসছে অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলে নির্বাচনের ট্রেন চলা শুরু করবে। সেই নির্বাচনে বিএনপিকে আনার দায় বা গরজ কোনোটাই আওয়ামী লীগের নেই।
ঐতিহাসিক মে দিবস উপলক্ষে আজ (মঙ্গলবার) জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘আগামী অক্টোবরে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণা হবে। বিএনপি যদি নির্বাচনে আসতে না চায়, জোর করে কাউকে টেনে আনার দায়িত্ব আমাদের নেই। নির্বাচনে অংশগ্রহণ যেকোনো নিবন্ধিত দলের অধিকার। সে অধিকার যদি তারা প্রয়োগ না করে আমাদের কোনো গরজ নেই বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার জন্য চেষ্টা-তদবির করা।
নির্বাচন বিএনপির জন্য অপেক্ষা করবে না মন্তব্য করে সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি এখন হুংকার দিচ্ছে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। খালেদার মুক্তি আদালতের বিষয়। বিএনপি না আসলে তাদের জন্য নির্বাচনী ট্রেন অপেক্ষা করবে না। সময় মতো ছেড়ে যাবে। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শুধু বিএনপি নয়, অন্য কোনো দলকেই নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয়। সে ধরনের চেষ্টাও আওয়ামী লীগ করবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, তা আওয়ামী লীগ চায়। সে জন্য এই নির্বাচনে বিএনপি আসুক, সেটাও তারা চায়।’
শ্রমিকদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন, আওয়ামী লীগ শ্রমিক বান্ধব সরকার। আপনাদের যে দাবিগুলো পূরণ করা এখনও বাকি, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনলে সেগুলো অক্ষরে অক্ষরে পূরণ করা হবে।
'ভারতে কারো বিরুদ্ধে নালিশ করিনি'
এদিকে, মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মে দিবস উপলক্ষে আদমজী জুট মিল চালু সংগ্রাম পরিষদ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, "মার্কিন দূতাবাসে গত রাতে একটি দাওয়াতে আমি গিয়েছিলাম। আমার সঙ্গে দলের কয়েকজন নেতা ছিলেন, এটা ছিল সৌজন্য ডিনার। এর আগে ভারতের ক্ষতাসীন দল বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নিয়ে ভারত সফরে গিয়েছিলাম। এটা ছিল পার্টি টু পার্টি সম্পর্ক উন্নয়নের বিষয়। কোথাও আমরা কারো বিরুদ্ধে কোনো নালিশ বা রাজনৈতিক কোনো অভিযোগ করিনি। এর সঙ্গে আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই।"
'নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা'
এদিকে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে বলেছেন, যথাসময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব দলের অংশগ্রহণে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে তার নিজ নির্বাচনী জেলা ভোলাতে শ্রমিকলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, এ দেশে আর তত্বাবধায়ক সরকার আসবে না। বর্তমান সরকার অন্তবর্তীকালীন সরকার হিসাবে দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক।
বাণিজ্যমন্ত্রী বলেন, যারা অতীতে নির্বাচনে অংশ নেননি, নিশ্চয়ই তারা তাদের ভুল উপলব্ধি করেছেন। আগামীতে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ না করে তবে তাদেরই ভুল হবে।
পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/১