নৌকার প্রার্থীকে জেতাতে পুলিশ স্বেচ্ছাচারী ও বেপরোয়া: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i56820-নৌকার_প্রার্থীকে_জেতাতে_পুলিশ_স্বেচ্ছাচারী_ও_বেপরোয়া_রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, "দু’টি সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের প্রচারণায় জনতার ঢল দেখে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে হয়রানি শুরু করেছে। যতই দিন যাচ্ছে ততই আইনশৃঙ্খলা বাহিনী সরকারি দলের নৌকা প্রার্থীর পক্ষে বেপরোয়া হয়ে উঠেছে। নির্বিচারে আক্রমণ করে বিএনপি নেতাকর্মীদের রাতের ঘুম হারাম করে দিয়েছে।"
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ০৫, ২০১৮ ১৬:২৫ Asia/Dhaka

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, "দু’টি সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের প্রচারণায় জনতার ঢল দেখে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে হয়রানি শুরু করেছে। যতই দিন যাচ্ছে ততই আইনশৃঙ্খলা বাহিনী সরকারি দলের নৌকা প্রার্থীর পক্ষে বেপরোয়া হয়ে উঠেছে। নির্বিচারে আক্রমণ করে বিএনপি নেতাকর্মীদের রাতের ঘুম হারাম করে দিয়েছে।"

আজ (শনিবার) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, 'গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের মধ্যে পুলিশ  গণগ্রেফতার চালিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানসহ নানাভাবে হয়রানিও করছে পুলিশ ও সাদা পোশাকের পুলিশ।

তিনি বলেন, 'দুদিন আগে নির্বাচন পর্যবেক্ষক সংগঠন সুজনের পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করে তাদের মাঠ জরিপের ফলাফল তুলে ধরতে গিয়ে দুই সিটিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমেও ভোট নিয়ে ভীতি ও শঙ্কার খবর প্রকাশিত হচ্ছে।

রিজভী বলেন, নৌকার প্রার্থীকে জেতাতে সরকারের প্রশ্রয়ে পুলিশ হয়ে উঠেছে স্বেচ্ছাচারী, অনিয়ন্ত্রিত ও বেপরোয়া। গাজীপুরে এসপি হারুন ও খুলনায় পুলিশ কমিশনারের নির্দেশে দুই সিটিতে চলছে পুলিশি তাণ্ডব।

এ প্রসঙ্গে খুলনার একজন ভোটার সবুজ লস্কর রেডিও তেহরানকে জানান, প্রতি ওয়ার্ডে তালিকা করে বিএনপি জোটের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। সাধারণ ভোটারদের মধ্যে একরকম আশংকা দেখা দিয়েছে নির্বাচন হয়ত সুষ্ঠু হবে না।   

আজকের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার আরও অবনতির কথা জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে বার বার গভীর উদ্বেগ প্রকাশ করা হলেও এখনও সরকার ও কারা কর্তৃপক্ষ বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে কোনো কর্ণপাতই করছে না। উল্টো আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ তাদের দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ঠাট্টা-উপহাস করছেন।

রিজভী আবারও অবিলম্বে খালেদা জিয়াকে তার পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়ার জোর দাবি জানান।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫