সরকার খুলনায় নতুন কায়দায় ভোট ডাকাতি করেছে: বিএনপি মহাসচিব
https://parstoday.ir/bn/news/bangladesh-i57420-সরকার_খুলনায়_নতুন_কায়দায়_ভোট_ডাকাতি_করেছে_বিএনপি_মহাসচিব
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সরকার নতুন কায়দায় ভোট ডাকাতি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ ভিন্ন মতকে পদদলিত করে একদলীয় শাসন কায়েম করেছে। সম্প্রতি খুলনায় তারা নতুন কায়দায়, নতুন রূপে ভোট ডাকাতি শুরু করেছে। এখন সবাই দেখে সবকিছু সুন্দর ও সুষ্ঠু হচ্ছে; কিন্তু সুকৌশলে জনগণের ভোটাধিকার হরণ করে নিয়ে যাচ্ছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ১৭, ২০১৮ ১২:০৯ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতারা
    সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতারা

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সরকার নতুন কায়দায় ভোট ডাকাতি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ ভিন্ন মতকে পদদলিত করে একদলীয় শাসন কায়েম করেছে। সম্প্রতি খুলনায় তারা নতুন কায়দায়, নতুন রূপে ভোট ডাকাতি শুরু করেছে। এখন সবাই দেখে সবকিছু সুন্দর ও সুষ্ঠু হচ্ছে; কিন্তু সুকৌশলে জনগণের ভোটাধিকার হরণ করে নিয়ে যাচ্ছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময়, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে নানা কর্মসূচি ঘোষণা করেন তিনি।

আবারও বর্তমান নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি তিনি বলেন, এই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার যোগ্য নয়। যারা একটি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না, জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে না। তারা জাতীয় সংসদ নির্বাচন কিভাবে পরিচালনা করবে? তাই আমরা অবিলম্বে নির্বাচন কমিশনকে ভেঙে দিয়ে কমিশন পুনর্গঠনের দাবি জানাচ্ছি।

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে দীর্ঘ সময় আটকে রাখা। সেজন্য তাকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকার পরও সরকার তার চিকিৎসার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা বার বার এ বিষয়ে সরকারকে অবহিত করলেও তারা কোনো কর্ণপাত করছে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৭