খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i57478-খালেদা_জিয়াকে_মুক্ত_করতে_আন্দোলনের_বিকল্প_নেই_মির্জা_ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ হাজার হাজার নেতা-কর্মীকে কারাগার থেকে মুক্ত করতে আন্দোলনের কোনো বিকল্প নেই। আর সেই আন্দোলনের জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের মধ্যে দিয়েই সরকারকে সরাতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৮, ২০১৮ ১১:৩২ Asia/Dhaka
  • খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ হাজার হাজার নেতা-কর্মীকে কারাগার থেকে মুক্ত করতে আন্দোলনের কোনো বিকল্প নেই। আর সেই আন্দোলনের জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের মধ্যে দিয়েই সরকারকে সরাতে হবে।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের লেখা 'কোটি জনতার মা-পর্ব-১' নামের গানের সিডির মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে সরকার ভয় পায়। সেজন্য তাকে কারাবন্দি করে রেখেছে। তারা জানে যদি খালেদা জিয়া বাইরে থাকেন, তাহলে জনগণের জোয়ার সৃষ্টি হবে। আগামী নির্বাচনে যদি খালেদা জিয়া অংশ নেন, তাহলে তাদের ভরাডুবি হবে। এ কারণে তারা অত্যন্ত সুকৌশলে চক্রান্ত করে নির্বাচনের আগে এ মামলার কার্যক্রম দ্রুত শেষ করতে চায়।

 বেগম খালেদা জিয়া

বিএনপি মহাসচিব বলেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে, মিথ্যা ও সাজানো মামলা দিয়ে ঠিক নির্বাচনের আগেই এ মামলার কার্যক্রম শেষ করে তাকে কারাগারে পাঠিয়েছে। নজির নেই যে মাত্র তিন-চার মাসের মধ্যেই এই আপিলটাকে চূড়ান্ত নিষ্পত্তি করার নির্দেশ দেয়ার। এটার নজির নেই। অত্যন্ত দ্রুততার সঙ্গে এই মামলাটিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে তারা কাজ করছে।

মার্কিন রাষ্ট্রদূতও খুলনা সিটি নির্বাচনের তদন্ত চেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আজকে সারা পৃথিবী জানে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্রের কোনো জায়গা নেই। সরকারের একটাই কাজ প্রতিপক্ষকে দমন করা।

৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন জনগণ আর হতে দেবে না দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আমরা স্পষ্ট করে বলেছি, আগামী সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে না, যদি বিরোধীদল সেই নির্বাচনে অংশ না নেয়। যদি নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন না হয়, যদি সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনী মোতায়েন করা না হয়।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৮