সরকার পরিবর্তনের রাস্তা বন্ধ হলে জনগণ অভ্যুত্থানের পথ বেছে নেবে: দুদু
-
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে স্বাভাবিকভাবে সরকার পরিবর্তনের রাস্তাটা বন্ধ করে দেয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে এখনো বিএনপি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনকে প্রধান বিষয় মনে করে। কিন্তু সেই পদ্ধতি বন্ধ হয়ে গেলে জনগন গণ-অভ্যুত্থানের পথ বেছে নেবে।
আজ (সোমবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এক মুক্ত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংবিধানের ১২৫ অনুচ্ছেদেও বলা আছে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন সমস্ত ক্ষমতা বহন করে। কিন্তু খুলনায় তারা তো সেভাবে চলেই নাই বরং পুলিশ-প্রশাসন এবং সরকার তাদেরকে যেভাবে চলতে বলেছে তারা সেভাবে চলেছে এবং সর্বশেষ তারা বলেছে নির্বাচন ভালো হয়েছে।
এ বিষয়ে খোলাসা করে শামসুজ্জামান দুদু রেডিও তেহরানকে বলেন, খুলনায় সর্বশেষ যে নির্বাচনটি হয়েছে তা প্রমাণ করে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি নেই। ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন হবার সুযোগ নেই। তাই জনগণ অতীতের মতোই আবারো তাদের ভোটাধিকার আদায়ের জন্য গণ-অভ্যুত্থানকেই বেছে নেবে
ইসি খুলনায় সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে: রিজভী
ওদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) খুলনাতে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে।
আজ (সোমবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সরকার তার কর্তৃত্ব সম্প্রাসারন করে ইসিকে কব্জায় নিয়েছে। খুলনার সিটি কর্পোরেশন নির্বাচন ভোট সন্ত্রাসের এক অভিনব নতুন মডেলের নির্বাচন যা বাংলাদেশের ইতিহাসে আরেকটি খারাপ নজির সৃষ্টি করল। যে নির্বাচনে বিএনপির সমর্থকসহ সাধারণ ভোটারদের অধিকার হরণ করে তাদের হাত-পা বেঁধে নিয়ন্ত্রিত পরিবেশে চেপে ধরে আওয়ামী লীগকে জয় আদায় করে দিতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১