নির্বাচনকে সামনে রেখে দেশে একটা 'যুদ্ধ ঘোষণা' হয়েছে: মির্জা ফখরুল
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মাদকবিরোধী অভিযানের নামে ক্রসফায়ার দিয়ে শুধুমাত্র বিরোধী পক্ষকে ঘায়েল বা একবারেই নির্মূল করার জন্য সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ (বুধবার) সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এই ক্রসফায়ার নিয়ে দেশের মানুষের মনে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হয়েছে। এমন একটা সময় যখন সরকারের শেষ বছর; সামনে নির্বাচন- তখন দেশে একটা যুদ্ধ ঘোষণা হয়েছে।
গত ৪ মে থেকে শুরু হওয়া মাদকবিরোধী বিশেষ অভিযানে আজ (বুধবার) সকাল পর্যন্ত ৪২ জন কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে। গতকাল একদিনেই ১২ জন নিহতের ঘটনা ঘটে। এ ছাড়া, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অপর নয়জন নিহত হয়েছেন।
এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরাও মাদকবিরোধী অভিযান চাই। তবে এটা অরাজনৈতিক হতে হবে। মাদক বিরোধী অভিযানের নামে ক্রসফায়ার দিতে হবে এমনটি নয়। আমরা আগেও বলেছি তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।
গাজীপুরের নির্বাচন নিয়ে আলমগীর বলেন, গাজীপুরে যে এসপি আছে সে একজন চিহ্নিত আওয়ামী লীগার। ওই এসপির আওতায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব না। সেই এসপি অসংখ্য বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করে নির্বাচনের পরিবেশ ধ্বংস করেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আবারো প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। তাকে জেলে রেখে, নির্বাচন কোনোদিন সুষ্ঠু হবে না।
এসময় গণতন্ত্র উদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, দেশে মাদক ছড়িয়ে পড়েছে, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় আজ এ অবস্থা তৈরি হয়েছে। ক্রসফায়ারের মাধ্যমে তা দমন করা যাবে না #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩