অসুস্থ থাকায় আদালতে হাজির হননি খালেদা, ২৮ জুন পর্যন্ত জামিন মঞ্জুর
-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিচারাধীন অপর একটি দুর্নীতি মামলায় আগামী ২৮ জুন পর্যন্ত জামিন দিয়েছে ঢাকার পঞ্চম বিশেষ জজ দালত আদালত। একইসঙ্গে তাকে আদালতে হাজির করার নির্দেশ প্রত্যাহার করা হয়েছে।
আজ (সোমবার) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক শুনানির নির্ধারিত তারিখে অসুস্থতাজনিত কারণে খালেদা জিয়া অনুপস্থিত থাকলে তার আইনজীবীরা বেগম জিয়ার জামিন এবং মামলায় হাজিরা পরোয়ানা (পিডব্লিউ) প্রত্যাহারের আবেদনও করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান বেগম জিয়ার জামিনের মেয়াদ ২৮ জুন পর্যন্ত বৃদ্ধি করেন এবং তাকে আদালতে হাজির করার নির্দেশ প্রত্যাহার করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর-রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
অপরদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন। এ মামলায় উচ্চ আদালত থেকে তার জামিন হলেও অপর কয়েকটি মামলায় অভিযুক্ত থাকার কারণে বেগম জিয়া কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৪