মাদকব্যবসায়ী নিধনের নামে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে: নোমান
-
আব্দুল্লাহ আল নোমান
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দেশের সব মানুষ মাদকব্যবসার বিরুদ্ধে। কিন্তু যে প্রক্রিয়ায় রাজনৈতিক উদ্দেশে মাদকব্যবসায়ীদের নিধন চলছে এটা সভ্য সমাজে কাম্য হতে পারে না।
আজ (সোমবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি বলেন, মাদকব্যবসায়ী নিধনের নামে অনেক নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। এসব বিষয়ে উচ্চ আদালতের আপিল বিভাগ অথবা সমপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা প্রয়োজন। তা না হলে যাদের হত্যা করা হয়েছে তারা কোনো দিন সুবিচার পাবে না।
বিএনপির এই নেতা বলেন, দেশে এখন একদলীয় শাসন ব্যবস্থা চলছে। সংবিধান থেকে মৌলিক কিছু বিষয় বাদ দেয়া হয়েছে। আজকে দেশে নির্বাচন করতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ষড়যন্ত্রের নির্বাচন করতে চায়, তাহলে বাংলাদেশের মানুষ এবার অতীতের মতো আন্দোলনের মাধ্যমে সেটা ঠেকিয়ে দেবে ।
তিনি বলেন, খালেদা জিয়াকে বন্দি করে তারা নির্বাচনে জয়যুক্ত হতে চায়। খালেদা জিয়াকে তারা বড় বেশি ভয় পায়। আমরা আন্দোলন বেগবান করলেই দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাবেন। কোনো আলোচনা-গোলটেবিল বৈঠক খালেদা জিয়াকে কারামুক্ত করবে না।
এদিকে, আইনি প্রক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে অন্য পন্থায় মুক্ত করে আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। তাকে মুক্ত করার জন্য যা করা প্রয়োজন আমাদেরকে তাই করতে হবে। তাকে মুক্ত করে আনার জন্য আইনি প্রক্রিয়ায় না হলে আমরা অন্যপন্থায় যাব। আর সে পন্থা হবে শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন। আগামী দিনে শক্তিশালী আন্দোলনের ডাক দেয়া হবে।
নেতাকর্মীদের উদ্দেশ করে নজরুল ইসলাম খান বলেন, আমাদের শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা আইয়ুব খান এবং ইয়াহিয়া খানকে পতন করেছি। কিন্তু আজ আমাদের প্রতিপক্ষ শক্তিশালী। যারা ১৯৭৫ সালে গণতন্ত্র হরণ করেছিল এবং ১৯৮২ সালে যারা গণতন্ত্র হরণ করেছিল তারা এক হয়েছে। তাদের পতন ঘটাতে হবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৪