ইউনাইটেডে খালেদা জিয়াকে ভর্তির দাবি, খরচ দিতে চায় পরিবার ও বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i58832-ইউনাইটেডে_খালেদা_জিয়াকে_ভর্তির_দাবি_খরচ_দিতে_চায়_পরিবার_ও_বিএনপি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন জানিয়েছেন তাঁর ভাই শামীম ইস্কান্দার।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ১২, ২০১৮ ১০:১৫ Asia/Dhaka
  • বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন জানিয়েছেন তাঁর ভাই শামীম ইস্কান্দার।

আজ (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেন তিনি। আবেদনে শামীম ইস্কানদার বলেন, আমার বড় বোন খালেদা জিয়া নাজিমউদ্দিন রোডের কারাগারে রয়েছেন। তিনি দীর্ঘ দিন ধরে নানা অসুখে আক্রান্ত। কারাগারে তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। তাই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যয় তার পরিবার বহন করবে। তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেয়া অনুমতি প্রদানের অনুরোধ করছি।

শামীম ইস্কান্দার আরও বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা কারাগারে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন তিনি মাইল্ড স্ট্রোক করেছেন। তার বড় ধরনের ঝুঁকি রয়েছে। তাকে বিশেষায়িত হাসপাতাল ইউনাইটেডে ভর্তি করে চিকিৎসা দেয়া জরুরি।

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসার ব্যয় দল বহন করবে জানিয়ে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছে বিএনপি।

আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ দাবি জানান।  

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের বক্তব্য তুলে ধরে বিএনপি নেতা মোশাররফ বলেন, আইজি প্রিজন বলেছেন, কারাবিধি অনুযায়ী বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রয়োজন। এমন কোনো সিদ্ধান্ত না থাকায় খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিতে হবে। আইজি প্রিজন আরও জানিয়েছেন, বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসা ব্যয় কে বহন করবে, সে সম্পর্কেও সিদ্ধান্ত প্রয়োজন হবে।

ড. খন্দকার মোশাররফ হোসেন

মোশাররফ বলেন, ‘তাঁর (আইজি প্রিজন) এই বক্তব্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত এবং আমাদের বারবার অনুরোধ সত্ত্বেও ইউনাইটেড হাসপাতালে দেশনেত্রীকে ভর্তির ব্যাপারে সরকারের অনীহার কারণ বোঝা গেল। আমরা দেশনেত্রীর উপযুক্ত চিকিৎসা চাই বলেই আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে সরকারকে জানাতে চাই যে প্রয়োজনে এই চিকিৎসার সমুদয় ব্যয় আমাদের দল বহন করবে।

মোশাররফ হোসেন বলেন, বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে দু বার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা এবং এমআরআইসহ প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করানোর দাবি করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অথচ বাস্তবে কিছুই করা হয়নি। ইতিমধ্যে খালেদা জিয়ার অসুস্থতা আরও বেড়েছে।

মোশাররফ হোসেন দাবি করেন, আর্থরাইটিসের ব্যথা বাড়ার কারণে তিনি চলৎশক্তিহীন হয়ে পড়ছেন। পাশাপাশি তাঁর অপারেশন করা চোখ লাল হয়ে আছে। এই পরিস্থিতিতে দ্রুত তাঁর উপযুক্ত চিকিৎসা না হলে শারীরিক অবস্থার গুরুতর অবনতি হতে পারে। সরকারকে এটা জানানোর পরও তাঁর সুচিকিৎসার কোনো ব্যবস্থাই নেয়া হয়নি।

মোশাররফ হোসেন আরও বলেন, ‘গতকাল থেকে দেশনেত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএসএমএমইউতে নেয়ার কথা বলা হচ্ছে। কিন্তু এর আগে তাঁকে সেখানে নেয়া হলে সেখানকার ব্যবস্থাপনা, পরিবেশ এবং চিকিৎসাসেবার বিষয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে রাজনৈতিক কারণে অবহেলা কিংবা বিলম্ব করা হলে তার পরিণাম সরকারের জন্য শুভ হবে না। দেশবাসী বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তারা সরকারের অমানবিক আচরণে ক্ষুব্ধ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২