নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে কাদেরের বক্তব্য দূরভিসন্ধিমূলক: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i59040-নির্বাচনে_সেনা_মোতায়েন_নিয়ে_কাদেরের_বক্তব্য_দূরভিসন্ধিমূলক_রিজভী
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য 'দূরভিসন্ধিমূলক' বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ১৫, ২০১৮ ১২:৫০ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য 'দূরভিসন্ধিমূলক' বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, "নির্বাচন কমিশন চাইলে নির্বাহী বিভাগ সেনাবাহিনী মোতায়েন করতে বাধ্য থাকবে। কিন্তু ওবায়দুল কাদের সাহেবরা দীর্ঘদিন ধরে বলে আসছেন দেয়া যাবে না। এখন তাদের নতুন বক্তব্য নিঃসন্দেহে মানুষ স্বাভাবিকভাবে নেবে না। কারণ তারা যেটা বলে সেখানে দুরভিসন্ধি থাকে। তাই তার এ বক্তব্য দুরভিসন্ধিমূলক কি নাম, এটা দেখার বিষয় আছে।"

আজ (শুক্রবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। এ সময়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

রিজভী জানান, "ঈদের দিন বিএনপির সিনিয়র নেতারা কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। আর অন্য নেতা-কর্মীরা কারাগারের সামনে অবস্থান করবেন। এর আগে, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। এটাই বিএনপি ঈদের কর্মসূচি।"

কারাবন্দি বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার জল ঘোলা করছে, এমন অভিযোগ করে তিনি বলেন, "মিথ্যা, সাজানো ও জাল নথি তৈরি করে সরকারের নির্দেশে খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাবন্দি করা হয়েছে। মূল মামলায় জামিন পেলেও ঈদের আগে তাকে মুক্তি দেয়া হয়নি এবং তার পছন্দমতো হাসপাতালে চিকিৎসারও ব্যবস্থা করা হয়নি।" অবিলম্বে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবিও জানান রিজভী।

তিনি আরও বলেন, "৭৩ বছর বয়স্ক একজন জনপ্রিয় নেত্রীর চিকিৎসা নিয়ে সরকারের চরম নিষ্ঠুরতা ও অমানবিকতার নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্বের বড় বড় স্বৈরশাসকদেরও হার মানিয়েছেন শেখ হাসিনা। তিনি নিজেও কারাগারে বন্দি থাকা অবস্থায় পছন্দ অনুযায়ী বেসরকারি হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন। এমনকি প্যারোলে মুক্তি নিয়ে তিনি দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন। অথচ খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে বন্দি রেখে, ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করতে না দিয়ে, চরম প্রতিহিংসার খেলায় মেতে উঠেছেন।"

খালেদা জিয়া কারাগার থেকে দেশবাসী ও দলের নেতাকর্মী-সমর্থকদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান বিএনপির এ নেতা। তিনি বলেন, কারাগারে খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করতে গেলে তিনি তাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। একইসঙ্গে দেশবাসীর কাছে তার জন্য দোয়াও চেয়েছেন।

এ সময়, ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ফটক থেকে আবারও আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৫