বিএনপি নেতা খন্দকার মোশাররফের গাড়িবহরে বাসের ধাক্কা, নিহত ১
বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহরে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় দাউদকান্দি থেকে ২৫টি মাইক্রোবাসের বহর নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমানের ছেলের বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে। এসময় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন খন্দকার মোশাররফ হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ ইউটার্নে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তার বহরের তিনটি মাইক্রোবাস ও দাঁড়িয়ে থাকা দু’টি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাউদকান্দি পৌর ছাত্রদলকর্মী জুয়েল প্রধান রায়হান (২০) নিহত হন। এ ঘটনায় পৌর ছাত্রদল সভাপতি আল আমিনসহ গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের কিছু হয়নি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
দাউদকান্দি সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের নির্বাচনী এলাকা। এই আসনটি থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৯