খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে কর্মসূচি, বিতর্ক চলছেই
https://parstoday.ir/bn/news/bangladesh-i59228-খালেদা_জিয়ার_মুক্তি_ও_চিকিৎসার_দাবিতে_কর্মসূচি_বিতর্ক_চলছেই
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী (বৃহস্পতিবার) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ১৯, ২০১৮ ১৪:৪৯ Asia/Dhaka
  • বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া
    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী (বৃহস্পতিবার) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ (মঙ্গলবার) রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার রাজধানীসহ দেশের সব মহানগর ও জেলা সদরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।  

এ সময় রিজভী অভিযোগ করেন, "খালেদা জিয়াকে শুধু অন্যায়ভাবে সাজাই দেয়া হয়নি, এখন তার ওপর চলছে নানা কায়দায় অমানবিক নিষ্ঠুর নির্যাতন। তার শারীরিক অসুস্থতার যাতে যথাযথ চিকিৎসা না হয়, তার জন্য সরকার এমন কোনো ফন্দি নেই যা আঁটছে না।"

তিনি দাবি করেন, "এ মুহূর্তে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। ইউনাইটেড হাসপাতালে তার যথাযথ চিকিৎসা দিতে হবে।"

তবে সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম আজ রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেছেন, "কারাবন্দি বেগম খালেদা জিয়ার জন্য দেশের সর্বোচ্চ উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তিনি তা গ্রহণ করেন নি। এক্ষেত্রে আমাদের করার কিছু নেই।"

এর আগে গতকাল (সোমবার) নিজ মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বিএনপি নেতাদের প্রতি বেগম  খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। ঈদের দিন তিনি কারাগারে রয়েছেন, এটা আমাদের জন্য অস্বস্তির। তাকে তো আমরা কারাগারে পাঠাইনি। পাঠিয়েছেন আদালত। আমরা চাই তিনি কারাগার থেকে বের হন। তার চিকিৎসার জন্য আমরা সব সময় সতর্ক আছি। তিনি এখন মোটামুটি সুস্থ আছেন। কারাগারের ডাক্তাররা তাকে দেখছেন।"

এ প্রসঙ্গে বিশিষ্ট সাংবাদিক এরশাদ মজুমদার রেডিও তেহরানকে বলেন, বেগম জিয়াকে কারাবন্দী করা এবং চিকিৎসা নিয়ে গড়িমসি করার পেছনে  সরকারের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং বয়স্ক অসুস্থ মহিলাকে যে অবস্থায় বন্দি রাখা হয়েছে তাতে তার কিছু একটা বিপদ হলে সেটা হবে দেশে ও জাতির জন্য দুঃখজনক ঘটনা। সরকার অবশ্যই এ ব্যাপারে দায়-দায়িত্ব এড়াতে পারবে না।

ওদিকে, আওয়ামী লীগের আরেক প্রবীণ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল (সোমবার) সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "অনেকে মনে করেন বেগম জিয়া গুরুতর অসুস্থ নন, কারণ অসুস্থ ব্যক্তি কোনো হাসপাতালে যাবেন তা নিয়ে সময়ক্ষেপণ করে তার নিজের শরীর খারাপ করতে পারেন না।"

তবে, তোফায়েল আহমেদের বক্তব্যের জবাবে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফওয়াজ হোসেন শুভ গণমাধ্যমকে বলেছেন, “তিনি কীভাবে বুঝলেন, চেয়ারপারসন খালেদা জিয়াকে ইউনাইটেডে নেয়া হলে বিদেশে পাঠানোর কথা বলা হবে? তার মানে কী এই সরকারই চাচ্ছে-  খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে আগামী নির্বাচন থেকে দূরে রেখে দেশে একটি নীলনকশা বাস্তবায়ন করতে?

এ সময় ওয়ান-ইলেভেনের প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলেন, তখন তো শেখ হাসিনা- পছন্দের স্কয়ার হাসপাতালে পছন্দের চিকিৎসক দিয়ে চিকিৎসা গ্রহণ করেছিলেন, প্যারোলে মুক্ত হয়ে বিদেশেও গিয়ে চিকিৎসা গ্রহণ করলেন। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলও সেসময় পছন্দ অনুযায়ী ঢাকার ল্যাব এইড হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেন। তখন তো আমাদের নেত্রী জেলেই ছিলেন; বিদেশে যাননি। এখনও তিনি বিদেশে যাবেন না। তিনি দেশেই চিকিৎসা নেবেন, জনগণের মাঝেই থাকবেন। তিনি বিদেশে যাবার কথা এখন পর্যন্ত মুখে আনেননি, আমরাও কোনো দাবি উপস্থাপন করিনি। তিনি শুধু চেয়েছেন, তার আস্থার এটি হাসপাতালে  আস্থার চিকিৎসক দিয়ে চিকিৎসা গ্রহণ করতে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯