সরকার গাজীপুরে আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i59618-সরকার_গাজীপুরে_আমাদের_বিজয়_ছিনিয়ে_নিয়েছে_মির্জা_ফখরুল
ভোট ডাকাতির অভিযোগ এনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২৭, ২০১৮ ১১:১২ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল (ফাইল ফটো)
    সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল (ফাইল ফটো)

ভোট ডাকাতির অভিযোগ এনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।

আজ (বুধবার) সকাল সোয়া ১১টার দিকে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। তিনি অভিযোগ করেন, "আওয়ামী লীগের সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য স্থানীয় সরকার নির্বাচনেও নির্লজ্জভাবে একের পর এক নির্বাচনে ভোট ডাকাতি করে সকল নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করছে। খুলনায় নতুন কৌশলে ভোট ডাকাতি করে তারই ধারাবাহিকতায় গাজীপুর সিটি কর্পোরেশনের ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে। নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় গাজীপুরের নির্বাচনে আর এক কলংকময় অধ্যয় সংযোজন করল। জনগণের আশা আকাঙ্ক্ষাকে চূর্ণ-বিচূর্ণ করে স্বৈরাচার এবং একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সমাহিত করছে।"

বিএনপি মহাসচিব বলেন, "২০১৪ সালের ৫ই জানুয়ারি ভোটারবিহীন প্রহসনের জাতীয় সংসদ নির্বাচনের পর হতেই ধারাবাহিকভাবে প্রায় প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজীরবিহীন ভোট ডাকাতির মধ্যদিয়ে ক্ষমতা কুক্ষিগত করেছে এবং প্রমাণ করেছে সংবিধানের পঞ্চদশ সংশোধীনর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের ফলে আওয়ামী সরকারের অধীনে নির্বাচন কখনই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হতে পারে না।"

গাজীপুরের নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, "নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই গণগ্রেফতার, সাদা পোশাকের পুলিশ দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি, ভাংচুর, বিরোধী দলের নেতা-কর্মীদের মাঠে থাকতে না দেওয়া, নির্বাচনের আগের রাত হতে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারে নৌকায় সীল মেরে ব্যালট বাক্স বোঝাই করা, নির্বাচনের দিন এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া সম্পর্কে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আমাদের প্রার্থী ও দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে ক্রমাগত অভিযোগ করলেও নির্বাচন কমিশন কোন কিছুই আমলে নেয়নি। বিশেষ করে গাজীপুরের পুলিশ প্রশাসনের পক্ষপাতিত্ব ও নির্যাতনের বিষয়ে বারবার অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় সরকার গাজীপুরে আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে। আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এই নির্বাচনের ফলাফল বাতিল করে পুণরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।"

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমরা আবারও বলছি, বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ এবং পুনর্গঠন চায়। কারণ, তারা তাদের দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাই নতুন করে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।"

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৪১৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে চার লাখ ১০ ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।#

পার্সটুডে/আশরাফুর রহমান