মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছি: ঢাকায় জাতিসংঘ মহাসচিব
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের ওপর চাপ আরও বাড়াতে হবে বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ (রোববার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন তিনি। এ সময়, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তার সঙ্গে ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব বলেন, "আমরা মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছি, রোহিঙ্গা ইস্যুতে কী করা উচিত সেটা যাতে মিয়ানমার বুঝতে পারে, সেজন্য তাদের ওপর আমাদের চাপ বাড়াতে হবে।"
এ সময়, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করে, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে দেয়া সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।
বৈঠকে, রোহিঙ্গাদের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৭ সাল থেকেই রোহিঙ্গারা বাংলাদেশে আসছে উল্লেখ করে তিনি বলেন, কেবলমাত্র মানবিক দিক বিবেচনা করেই বাংলাদেশ প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এবং তাদের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। প্রায় এক লাখ রোহিঙ্গার পুনর্বাসনের সরকারের পদক্ষেপও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এদিকে, রোহিঙ্গা সংকট নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেছেন, এ বর্বরতার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি হওয়া উচিত।
আজ (রোববার) সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশকে যে ৪৮ কোটি ডলার দেয়া হয়েছে, তার পুরোটাই সহায়তা। বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
এ সময় অর্থমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য জটিল সমস্যা ও বড় ধরনের বোঝা। বিশ্বের কোনো দেশ এত বড় বোঝা বহন করতে পারবে না। কিন্তু বাংলাদেশ সেটা করে দেখিয়েছে। এখন সম্মানজনকভাবে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চাই। এজন্য দরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য।
রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে দুইদিনের সফরে গতকাল (শনিবার) ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট। শনিবার দিনগত রাত ২টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌছান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর আগে বিকেলে ঢাকায় অবতরণ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। আগামীকাল (সোমবার) তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকে ঘিরে দুই গুরুত্বপূর্ণ অতিথির নিরাপত্তায় কক্সবাজার জেলা পুলিশ বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, সোমবার সকালে কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করে সোজা সাইমন বিচ রিসোর্টে উঠবেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। সেখানে একটি সংক্ষিপ্ত ব্রিফিং শেষে চলে যাবেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে সরেজমিন রোহিঙ্গাদের পরিস্থিতি দেখবেন এবং নির্যাতিতদের দুর্দশার কথা শুনবেন। একইসঙ্গে ক্যাম্পে অবস্থানরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ত্রাণ কেন্দ্র, চিকিৎসা সেন্টার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখার কথা রয়েছে তাদের।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১