ব্যক্তিস্বার্থের রাজনীতি দেশকে কিছু দিতে পারে না: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i60371-ব্যক্তিস্বার্থের_রাজনীতি_দেশকে_কিছু_দিতে_পারে_না_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যক্তিস্বার্থের রাজনীতি দেশকে কিছু দিতে পারে না। জনকল্যাণে রাজনীতি করলে দেশকে কিছু দেয়া যায়, আওয়ামী লীগ তা করে দেখিয়েছে।
(last modified 2026-06-27T06:25:53+00:00 )
জুলাই ২৭, ২০১৮ ১২:০৫ Asia/Dhaka
  • ব্যক্তিস্বার্থের রাজনীতি দেশকে কিছু দিতে পারে না: শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যক্তিস্বার্থের রাজনীতি দেশকে কিছু দিতে পারে না। জনকল্যাণে রাজনীতি করলে দেশকে কিছু দেয়া যায়, আওয়ামী লীগ তা করে দেখিয়েছে।

আজ (শুক্রবার) সকালে গণভবনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময়, কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ব্যাজ পরিয়ে দেন।

এ সময়, স্বেচ্ছাসেবক লীগকে তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, বাবা-মাসহ পরিবারের সবাইকে হারিয়ে দেশে ফিরেছি। কারণ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দেয়াই ছিল একমাত্র লক্ষ্য। জনকল্যাণমুখী রাজনীতি ছাড়া ব্যক্তি স্বার্থের রাজনীতি দেশকে কিছু দিতে পারে না। তা ইতোমধ্যে আওয়ামী লীগ প্রমাণ করেছে।

সরকারে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী নির্বাচনে নৌকার জন্য ভোট চাওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে গত নয় বছরে যেসব উন্নয়ন কাজ করেছে, তা তৃণমূলের মানুষের কাছে তুলে ধরতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গ্রামের মানুষও শহরের নাগরিক সুবিধা পাবে।

বিএনপি জামায়াতের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের ওপর দেশের মানুষের আস্থা নেই, তা আজ প্রমাণিত। এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া জেলে আছেন। আর যারা এতিমের অর্থের লোভ সামলাতে পারে না, তারা কিভাবে দেশ চালাবে? কিভাবে দেশের উন্নয়ন করবে?

পরে, সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৭