দাবি না মানলে ঢাকা অচল করার ঘোষণা, নারায়ণগঞ্জে তুমুল আন্দোলন
-
শাহবাগে অবরোধ
আগামীকাল বৃহস্পতিবার (২ আগস্ট) দুপরের মধ্যে বাংলাদেশের নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ক্ষমা না চাইলে ও ৯ দফা দাবি না মানলে রাজধানী ঢাকা অচল করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
আজ (বুধবার) বিকেলে শাহবাগে অবরোধ ও বিক্ষোভ শেষে শিক্ষার্থীদের পক্ষে থেকে হাসিব হাসান এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে। এছাড়া শাহবাগেও অবস্থান নেবে শিক্ষার্থীরা। যদি দুপুর ১১টার মধ্যে আমাদের দাবি না মানা হয় তবে পুরো ঢাকা অচল করে দেয়া হবে।
এর আগে দুপুর বারোটার দিকে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হওয়া শুরু করে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, ইব্রাহিম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সংহতি জানিয়ে দখলে নেয় শাহবাগ। এ পরিস্থিতিতে দুপুর একটার দিকে পরিবহন শ্রমিক নেতা ও নৌমন্ত্রী শাজাহান খানের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।
এদিকে, রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নারায়ণগঞ্জে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছে ছাত্ররা। আজ শান্তিপূর্ণ আন্দোলন শেষে আগামীকাল বৃহস্পতিবারও রাজপথে থেকে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জেরে শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থান নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী নারায়ণগঞ্জের সঙ্গে রাজধানীসহ আশপাশের যান চলাচল বন্ধ করে দেয়। আটকে দেয় ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল।
স্থানীয়রা জানায়, রাজধানীতে দুই শিক্ষার্থী নিহতের পর মঙ্গলবার প্রথম দফায় নারায়ণগঞ্জে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। সেদিন শুধু চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করে। তবে সেদিনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুধবার সকাল থেকে ফের চাষাঢ়ায় অবস্থানের ঘোষণা দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টা থেকে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, কমার্স কলেজ, মডেল কলেজসহ বেশ কয়েকটি কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা দলে দলে চাষাঢ়া মোড়ে অবস্থান নেয়। শহরের চাষাঢ়া গোল চত্বরে শিক্ষার্থীদের অবস্থানের ফলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ ও চাষাঢ়া-আদমজী-শিমরাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে আটকে দেয়া হয় ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন। এমনকি পুলিশের গাড়িও থামিয়ে দেয়া হয়। তাদের গাড়ি থেকে নেমে ডিউটি পালন করতে বাধ্য করা হয়।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১