আমির খসরুর কথা বিকৃত করে ছেড়ে দেয়ার সম্ভাবনাই বেশি: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i60599-আমির_খসরুর_কথা_বিকৃত_করে_ছেড়ে_দেয়ার_সম্ভাবনাই_বেশি_মির্জা_ফখরুল
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফাঁস হওয়া ‘অডিও রেকর্ড’ প্রসঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার কথা বিকৃত করে ছেড়ে দেয়ার সম্ভাবনাই বেশি। কারণ এখন তো সবই করা যায়। আন্দোলনগুলোকে নস্যাৎ করে দেয়ার জন্য এসব করছে সরকার।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ০৫, ২০১৮ ১১:৪৬ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলসহ বিএনপি নেতৃবৃন্দ
    সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলসহ বিএনপি নেতৃবৃন্দ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফাঁস হওয়া ‘অডিও রেকর্ড’ প্রসঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার কথা বিকৃত করে ছেড়ে দেয়ার সম্ভাবনাই বেশি। কারণ এখন তো সবই করা যায়। আন্দোলনগুলোকে নস্যাৎ করে দেয়ার জন্য এসব করছে সরকার।

আজ (রোববার) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমির খসরু মাহমুদ চৌধুরী কী বলেছেন আমি শুনিনি। যতো দূর বলেছেন হয়তো এরকম, ‘বসে আছো কেন, ছাত্রদের সঙ্গে নেমে পড়ো’। এই কথা কোন প্রেক্ষিতে বলা হয়েছে তাওতো অডিও রেকর্ডে বলা হয়নি। যদি তিনি রাস্তায় নেমে ছাত্রদের সহযোগিতা করতে বলেও থাকেন তাতে অপরাধ কী করেছেন? দেশের সব মানুষই তো ছাত্রদের সমর্থন দিয়েছে। আমরাও দল থেকে প্রকাশ্যে সমর্থন দিয়েছি। সংবাদ সম্মেলন করেই সমর্থন জানিয়েছি।"

আমির খসরুর বাসায় গত রাতে পুলিশি অভিযানের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, "আমির খসরুর বাসায় পুলিশি হামলা আমাদের দলের ওপর এবং গণতন্ত্রের ওপর হামলা মনে করি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তা বন্ধের আহ্বান জানাচ্ছি।"

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন মার্শা ব্লুম বার্নিকাটের ওপর হামলায় আওয়ামী লীগ জড়িত বলে মন্তব্য করে তিনি বলেন, ‘গতকাল রাতে মার্কিন রাষ্ট্রদূত সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মাদপুরের বাসায় নৈশভোজে গিয়েছিলেন। তার আগেই সেখানে আওয়ামী সন্ত্রাসীরা জড়ো হয়েছিল। তিনি বের হলে তার ওপর হামলা চালানো হয়। মার্কিন রাষ্ট্রদূতের ওপর এই হামলা মার্কিন রাষ্ট্রের ওপর হামলার শামিল। এই হামলায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করেছে। আমরা এই হামলার সঙ্গে জড়িত আওয়ামী সন্ত্রাসীর গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।’

মির্জা ফখরুল বলেন, "কোটা আন্দোলনকারীদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে তার ফলে কোমলমতি শিক্ষার্থীরা বিশ্বাস করতে পারছে না সরকারকে। তাই তারা রাস্তায় নেমে এসেছে। ছাত্রছাত্রীরা জীবনের নিরাপত্তার জন্য শিক্ষণীয় আন্দোলন করেছে, এটি যৌক্তিক আন্দোলন। আমরা দল থেকেই প্রকাশ্যে সমর্থন দিয়েছি। দেশের সকল মানুষ সমর্থন দিয়েছে। এমনকি আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের, পুলিশ সবাই সমর্থন দিয়েছে। কিন্তু এটাকে ভিন্নখাতে প্রবাহিত করতে বিএনপির নেতাদের জড়াতে চায় সরকার। তাদের একটিই উদ্দেশ্য যে ছাত্রছারীদের আন্দোলনকে নস্যাৎ করা। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা সন্ত্রাসকে কোনো সময় প্রশ্রয় দিইনি, দেবো না।"

ফখরুলের দাবি, "গতকাল ছাত্রলীগ, যুবলীগ ক্যাডারেরা নিরস্ত্র ছাত্রদের উপর আক্রমণ চালায়। পুলিশের কাছে আশ্রয় নিতে গেলেও আশ্রয় দেয়নি পুলিশ। তাদের মেরে আহত করা হয়। সোসাল মিডিয়ায় জেনেছি, বেশ কিছু ছাত্রছাত্রী আহত হয়েছে। শুনেছি ৪ জন মারাও গেছে। এসব অসমর্থিত সূত্র। আমরা শুনেছি। আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি বলছে, প্রায় ১০০ জন আহত হয়েছে। শুনেছি, সাতজন মেয়েকে আওয়ামী লীগ অফিসে নিয়ে নির্যাতন করা হয়েছে।"

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল করির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন#

পার্সটুডে/আশরাফুর রহমান/শামস মণ্ডল/৫