জীবনবাজি রেখে আমাদের লড়াই করতে হবে: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i63533-জীবনবাজি_রেখে_আমাদের_লড়াই_করতে_হবে_মির্জা_ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।’ তিনি আরো বলেন, ‘মানুষের অধিকার ফিরিয়ে আনতে জীবনবাজি রেখে আমাদের লড়াই করতে হবে এবং সেই সংগ্রামে আমাদের জয়ী হতে হবে।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৫, ২০১৮ ১৩:১১ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।’ তিনি আরো বলেন, ‘মানুষের অধিকার ফিরিয়ে আনতে জীবনবাজি রেখে আমাদের লড়াই করতে হবে এবং সেই সংগ্রামে আমাদের জয়ী হতে হবে।’

আজ (বুধবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তি ও রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন দলের মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের চক্রান্তে কারাগারে রুদ্ধ হয়েছেন। তিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি এদেশের আন্দোলন-সংগ্রামের অন্যতম বিশিষ্ট নেত্রী যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘দীর্ঘ নয় বছর খালেদা জিয়া মানুষের কাছে গেছেন, মানুষকে নিয়ে রাজপথে আন্দোলন করে এরশাদের স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছেন। তিনি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। ১/১১ সময় তিনি যখন কারাগারে যান, তখনও তিনি কোনো রকম আপোষ না করে সরকারকে বাধ্য করেছিলেন জরুরি অবস্থা তুলে নিতে। আজকে তাদের চেয়েও খারাপ হচ্ছে ফ্যাসিস্ট এই সরকার। তারা মানুষের সমস্ত অধিকার হরণ করেছে।’

মির্জা ফখরুল আরো বলেন, 'সরকার কোমলমতি শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনকে নির্মমভাবে দমন করেছে। শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে, সাদা পোশাকের পুলিশ দিয়ে আন্দোলনকারী এবং আন্দোলনের সমর্থকদেরও তুলে নেয়া হচ্ছে। মেয়েদেরকেও রেহাই দেয়া হচ্ছে না।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫