আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে আসুক: মির্জা ফখরুল
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখতে সরকার বিভিন্ন কৌশল করছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (রোববার) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে আসুক। সেজন্য তারা নানা অজুহাতে বিএনপির নির্বাচনে আসার পথে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনে অংশ নেবে বিএনপি। সেই শপথ নিয়েছে বিএনপি।
এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আওয়ামী লীগ এক-এগারোর সরকার এনেছিল। এটাকে তাদের আন্দোলনের ফ্সল বলেও দাবি করেছিল। সে সরকারের সুবিধাভোগী তারাই। তাই আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এক এগারোর সেই মঈন-ফখরুল সরকারকে বৈধতা দিয়েছিল। সুতরাং সেই অভিজ্ঞতা তাদেরই আছে। এবারও এক-এগারোর ষড়যন্ত্র তারাই করছে।
আলোচনার মাধ্যমে সমাধান না করলে ভয়াবহ পরিণতি: নজরুল
এদিকে, রাজধানীতে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চলমান রাজনৈতিক সঙ্কট আলোচনার মাধ্যমে সমাধান না করলে ভয়াবহ পরিণতি হবে বলে জানিয়েছেন।
তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আলোচনার উদ্যোগ নিতে হবে। আলোচনার মাধ্যমে ফয়সালা করতে হবে। তারপরই নির্বাচনের ঘোষণা দিতে হবে। সংলাপ ছাড়া নির্বাচনের পথে গিয়ে কোনো ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি হলে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি এই নেতা।
গতকাল (শনিবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন যদি নির্বাচনে না হয়, তাহলে সেটা কোনো নির্বাচন নয়।
নজরুল ইসলাম সরকারকে লক্ষ্য করে বলেন, আপনাদের সম্মানজনকভাবে বের হওয়ার একটাই পথ অবশিষ্ট আছে। আর সেটা হলো নিরপেক্ষ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি এবং রাজবন্দীদের মুক্তি। অন্যথায় পরিণতি হবে ভয়াবহ।
তিনি বলেন, অনেকে বলেন আমরা নির্বাচনে যেতে চাচ্ছি না। যদি নির্বাচনে না যাই তবে খালেদা জিয়ার এতো মুক্তি চাইতে যাব কেন? তাকে সামনে রেখেই আমরা নির্বাচনে যাবো। তাই বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আমরা নির্বাচনে যাব বলেই নিরপেক্ষ সরকার চাই। নির্বাচনে যাবো বলেই সংসদ ভেঙে দেয়ার দাবি জানাচ্ছি।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন