খালেদা জিয়ার মুক্তি দাবিতে রিজভীর নেতৃত্বে আকস্মিক মিছিল
https://parstoday.ir/bn/news/bangladesh-i63678-খালেদা_জিয়ার_মুক্তি_দাবিতে_রিজভীর_নেতৃত্বে_আকস্মিক_মিছিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শ্যামলীর প্রধান সড়কে আকস্মিক মিছিল হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২১, ২০১৮ ০৭:৪৫ Asia/Dhaka
  • খালেদা জিয়ার মুক্তি দাবিতে রিজভীর নেতৃত্বে আকস্মিক মিছিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শ্যামলীর প্রধান সড়কে আকস্মিক মিছিল হয়েছে।

আজ (মঙ্গলবার) সকাল সোয়া ৮টার দিকে অনুষ্ঠিত মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অর্ধশত নেতাকর্মী অংশ নেন। ১৫-২০ মিনিট স্থায়ী মিছিলে 'খালেদা জিয়ার মুক্তি চাই' বলে স্লোগান দেন তারা।

আকস্মিক এ মিছিল সম্পর্কে রিজভী গণমাধ্যমকে বলেন, দলের চেয়ারপারসন এখন  কারাগারে। ফলে এসব মিছিলের কোনও কর্মসূচি লাগে না।

তিনি বলেন, অবৈধ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাগারে বন্দি করে রেখেছে খালেদা জিয়াকে। তাঁর মুক্তির দাবিতে যে কেউ, যে কোনো স্থানে, যে কোনো সময় মিছিল করতে পারে।

বেগম খালেদা জিয়া

এর আগে, গত বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, সরকারের অন্যায় ও জুলুমের শিকার হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তাকে সব অধিকার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এমনকি অসুস্থ নেত্রীকে সুচিকিৎসা না দিয়ে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এসময় তিনি সব মামলা প্রত্যাহার করে ঈদের আগেই খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়ে রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এর পর থেকে পুরোনো ঢাকার কারাগারে বন্দি আছেন সাবেক এই প্রধানমন্ত্রী#

পার্সটুডে/আশরাফুর রহমান/২১